মুশফিকুর রহিম, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর টেস্ট, ইনজুরি, তাওহীদ হৃদয়, লিটন দাস
মুশফিকুর রহিম। সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম। ডান হাতের তর্জনিতে চোট পাওয়ায় প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারের। তাকে ছাড়াই ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

Advertisement

তবে মুশফিকের চোট গুরুতর নয় বলে আশাবাদী বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম। তার আশা, তিন দিনের মাঝে সেরে ওঠে আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন মুশফিক।

মঙ্গলবার মিরপুরে অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে বলের আঘাত পান মুশফিক। চোট পাওয়ার পর ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। এরপর আর ব্যাটিং অনুশীলনে নামেননি।

এক্স-রে পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় মুশফিকের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা ছিল। তবে বুধবার সকাল পর্যন্ত আঙুলের অবস্থার যথেষ্ট উন্নতি না হওয়ায় তাকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। 

তার জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে চোটের শঙ্কা কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস। এরপরই প্রশ্ন ওঠে, তবে কি পরের টেস্টেও দেখা যাবে না মুশফিককে? উত্তর দিয়েছেন বিসিবির ফিজিও।

মুশফিকের চোটের অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে সে খেলতে পারবে।’

আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ফিজিওর প্রত্যাশা অনুযায়ী চোট সেরে উঠলে সেই ম্যাচেই আবার মাঠে দেখা যেতে পারে মুশফিককে।