
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিনই দুঃসংবাদ পেল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
আজ মঙ্গলবার নেটে অনুশীলনের সময় বল থ্রোয়ারের একটি বল মুশফিকের আঙুলে লাগে। পরে দলের ফিজিও বায়েজেদুল ইসলামের শরণাপন্ন হন তিনি। সেই সাথে অনুশীলন ছেড়ে ড্রেসিংরুমে চলে যান মুশফিক।
এরপর আর অনুশীলনে ফেরেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। ফলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদি শেষ পর্যন্ত মুশফিক খেলতেই না পারেন, তবে মাঠে নামার আগেই চাপে পড়ে যাবে টাইগাররা।
চিন্তায় ফেলবে টিম ম্যানেজমেন্টকেও। কেননা বাংলাদেশের টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ও অভিজ্ঞ ব্যাটার তিনি। তবে তার চোটের সর্বশেষ অবস্থা কিংবা চোটের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে।
মুশফিক শেষ পর্যন্ত খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন তাওহিদ হৃদয়। সুযোগের অপেক্ষায় আছেন জাকের আলীও। তবে বিকল্প হিসেবে হৃদয়ই এগিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল ২৮ অক্টোবর মিরপুরে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








