গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা
গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা। নয়া দিগন্ত
ads

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর থানার চাঁদনগর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানতাশা পার্বতীপুর থানাধীন বাবুপাড়া গ্রামের মরহুম ডি এম মাসুদুর রহমানের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে মামলার বাদি মুন্নি সরকার ও তার ছেলে আবির নবী দোয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত আহ্বানে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল গেটের সামনে অবস্থান নেন। সেখানে প্রায় ৪০০ জন ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টার দিকে এজাহারে বর্ণিত আসামিরাসহ অজ্ঞাতপরিচয় ৬০ থেকে ৭০ জন আসামি চাপাতি, ছোরা (চাকু), হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসে। তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা এবং প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়।

এর প্রতিবাদ করলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সবার ওপর হামলা চালায়। বাদী ও তার ছেলেকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। পরে দুপুর দেড়টার দিকে আসামিরা বাদীর বসতবাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং মালামাল ও স্বর্ণালঙ্কার লুণ্ঠন করে। পরে বাদী আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে পার্বতীপুর থানায় মামলা করেন।

এসআরবি জানায়, মামলা করার পর থেকে আসামি মানতাসা আরফিন মেঘলা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি দিনাজপুর ক্যাম্পের সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থানার চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিল নামক ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে পার্বতীপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।