
দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং ২ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের মানুষের সেবা করার যে দায়িত্ব নিয়েছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় সরকার এবং আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করছি যত দ্রুত ও যত বেশি সম্ভব মানুষের পাশে সাহায্য-সহযোগিতা এবং সুযোগ-সুবিধা নিয়ে দাঁড়াতে।’
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা
সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এরই ধারাবাহিকতায়, আজ আমরা তাদের পাশে দাঁড়িয়েছি—যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কষ্ট পাচ্ছে (বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ), তাদের সেলাই মেশিন বা অন্যান্য কাজের উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যেসব শিশু অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।’
আবাসন সঙ্কট নিরসন ও সরকারের চলমান প্রচেষ্টা
জনগণের চাহিদা পূরণে সরকারের সীমাবদ্ধতা ও আন্তরিকতার বিষয়টি স্পষ্ট করে মন্ত্রী আরো বলেন, ‘তাদের আবাসন সমস্যার সমাধানে ঘরবাড়ি তৈরি করে দেয়ার ব্যবস্থাও করা হচ্ছে। আপনাদের চাহিদা অনেক থাকলেও আমাদের এবং সরকারের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সেই কারণে আপনাদের সমস্ত চাহিদা একসাথে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তবে খেয়াল করে দেখবেন, আমরা প্রতি মাসেই কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








