
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুক দাবি ও স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় উপজেলার সিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এ রায় দেন।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, স্ত্রী মারিয়া আক্তারকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে তার শাশুড়ি সাইফুল ইসলাম আলাউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন আলাউল।
নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে জামিননামা দাখিল না করায় মঙ্গলবার সকালে তিনি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হাজির হয়ে নতুন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের পেশকার গোলাম কিবরিয়া ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








