মাদারীপুরে গাছ ফেলে ছাত্রলীগের মহাসড়ক অবরোধের চেষ্টা
সোমবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন মহাসড়ক অবরোধের চেষ্টা করে। নয়া দিগন্ত

মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে সড়কে ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা। এ সময় স্থানীয় লোকজন সাথে নিয়ে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তায় ফেলে দেন। এতে মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধের চেষ্টায় বাধা দেন। এক পর্যায়ে ধাওয়া করলে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পালানোর সময় তারা একটি মোটরসাইকেল ফেলে যান।

এদিকে, প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, জনবহুল একটি এলাকায় প্রকাশ্যে গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে কেন ব্যবস্থা নেয়নি, তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ও তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ থেকে ১২ জন লোক এসে কলাবাড়ি এলাকায় গাছ কেটে সড়ক অবরুদ্ধ করার চেষ্টা করে। এ সময় তাৎক্ষণিকভাবে বিএনপির লোকজন এসে তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের আটক করার পুলিশি অভিযান চলমান রয়েছে।