চাটমোহর পৌরসভায় ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ
অনুষ্ঠানে দুইজন ট্রাফিক স্বেচ্ছাসেবককে ছাতা, বাশিসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। নয়া দিগন্ত

পাবনার চাটমোহর পৌরসভায় যানজট নিরসনে থানা বাজার মোড় ও নতুন বাজার জার্দিস মোড়ে পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে স্বেচ্ছাসেবক ট্রাফিক নিয়ন্ত্রক নিয়োগ করা হয়েছে। 

Advertisement

বুধবার (০৪ নভেম্বর) সকালে থানা বাজার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রক নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান। 

উপজেলা নির্বাহী অফিসার জানান, পৌরসভার যানজট নিরসনে ও নিরাপত্তায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরে কোনো ভারী যানবাহন কোথাও কোনো মালামাল লোড-আনলোড করতে পারবে না। এর ব্যতয় হলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন ট্রাফিক স্বেচ্ছাসেবককে ছাতা, বাশিসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে চাটমোহর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।