কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর। নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো: শাহজাহান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পিরোজপুর সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা। তিনি কাউখালী উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মিরাজ হোসেনের বাবা। কয়েক দিন আগেই তিনি ছেলের বাসায় বেড়াতে আসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মো: শাহজাহান কাউখালী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে তিনি আর বাসায় ফিরে যাননি। পরে দুপুরে এলাকাবাসী পুকুরে তার লাশ ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: নাহিদ হাসান জানান, পানিতে ডুবেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এবাদ আলী বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে বৃদ্ধ শাহজাহানের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।