বিজিবির উদ্যোগে বৌদ্ধ ধর্মদেশনা ঘর উদ্বোধনে বক্তব্য রখছেন লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন
বিজিবির উদ্যোগে বৌদ্ধ ধর্মদেশনা ঘর উদ্বোধনে বক্তব্য রখছেন লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন। নয়া দিগন্ত

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নির্মিত ধর্মদেশনা ঘর উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নির্মিত এই ধর্মীয় স্থাপনাটি বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উপজেলার রাঙ্গীপাড়া কেয়াং ঘরের পাশে ‘ধর্মের আলো বনবিহার’ প্রাঙ্গণে নবনির্মিত ধর্মদেশনা ঘরটির উদ্বোধন করেন রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম আরো গতিশীল ও সুশৃঙ্খল করার উদ্দেশ্যে ৩৭ বিজিবির নিজস্ব উদ্যোগে ধর্মদেশনা ঘরটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ধর্মীয় গুরু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন বলেন, ‘এই অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি সব সময় কাজ করে যাচ্ছে। যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নেই, সেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে রাজনগর ব্যাটালিয়ন বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বিহারটির নাম যেমন ধর্মের আলো বনবিহার, তেমনি আমি বিশ্বাস করি, এর মাধ্যমে এ জনপদেও শান্তির আলো ছড়িয়ে পড়বে। পাশাপাশি সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরো সুদৃঢ় হবে।’