
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘৭ দফা দাবি আদায়ে এটি ১১ দলীয় ঐক্যের তৃতীয় লংমার্চ। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি গণভোটে যে ৭০ ভাগ মানুষ রায় দিয়েছেন, এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে।‘
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চে খুলনা যাওয়ার পথে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন খাননাড়ী পয়েন্টে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় শফিকুর রহমান বলেন, ‘এই ১ দফা বাস্তবায়ন হলে বাকি ৬ দফা অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যাবে বলে আমরা বিশ্বাস।’
সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘জনগণের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
তিনি আরো বলেন, ‘সরকার যদি জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান দেখান, তাহলে সরকার সম্মানিত হবে। আর যদি জনগণের রায়কে সম্মান না দেখিয়ে জনমতকে অগ্রাহ্য করে, তবে সরকার শুধু অপমানিতই হবে না বরং এর মূল্য দিতে হবে।’
জামায়াত আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণের এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো।’
তার আগমন উপলক্ষে মাওয়া প্রান্তে জড়ো হওয়া ১১ দলের বিপুল নেতাকর্মী তাকে স্বাগত জনায়। পরে মুন্সীগঞ্জের জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মীদের অংশগ্রহণে লংমার্চের বহর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়ে খুলনার উদ্দেশে রওনা হয়।
উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








