
গাজীপুরের কাশিমপুরে স্কয়ার টেক্সটাইল মিল এলাকায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় দুপুর আড়াইটার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আগুনে দগ্ধরা হলেন— মো: রিয়াজুল শেখ (৪০), তার স্ত্রী আরিফা বেগম (৩৫), মেয়ে মোসা: ফারিয়া (১৭) ও মোসা: রোজিনা (১৮) ও ছেলে রহিম (১)।
দগ্ধ রোজিনার স্বামী আকাশ শেখ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর এলাকার একটি বাসায় রান্নাঘরে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে যায়। এতে আগুন পুরো রুমে ছড়িয়ে পড়লে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়।
তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে এখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ শিকদার জানান, গাজীপুরের কাশিমপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে রিয়াজুলের শরীরের ৪০ শতাংশ, আরিফার শরীরের পাঁচ শতাংশ, ফারিয়ার শরীরের আট শতাংশ, রোজিনা ও শিশু রহিমের শরীরের এক শতাংশ করে দগ্ধ হয়েছে।
দগ্ধদের মধ্যে রিয়াজুলের অবস্থা আশঙ্কাজনক। স্বামী-স্ত্রী দু’জনকে ভর্তি করা হয়েছে। অপর তিনজন কম দগ্ধ হওয়ায় তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








