
লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক স্ত্রীকে নিয়ে ভাগ্নের একটি পোস্টকে কেন্দ্র করে মামা ফজলে আলী হাজারীকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ফজলে আলী চরকাদিরা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার বাসিন্দা। মেঘনা নদীর ভাঙনের শিকার হয়ে উপজেলার লুধুয়া ফলকন এলাকা থেকে স্থানান্তরিত হয়ে তিনি ওই এলাকায় বসতি স্থাপন করেন।
জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় দুই বছর আগে ফজলে আলীর ভাগ্নে দেলোয়ার মাহমুদের সাথে বটতলী এলাকার বাসিন্দা জামাল হোসেনের মেয়ে জেরিন আক্তারের বিয়ে হয়। কিন্তু কিছুদিন পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হলে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
সম্প্রতি জেরিনের অন্যত্র বিয়ে হলে ফেনীতে কর্মরত সাবেক স্বামী দেলোয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেরিনকে নিয়ে আবেগময় একটি পোস্ট দেন। এ নিয়ে জেরিনের আত্মীয়-স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
শুক্রবার রাতে জেরিনের স্বজনরা বটতলী বাজারে মামা ফজলে আলীর কাছে দেলোয়ারের ফেসবুক পোস্টের বিষয়ে অভিযোগ করেন। এ সময় ফজলে আলী বিষয়টি দেলোয়ার বাড়ি ফিরলে সমাধানের কথা জানান।
কিন্তু এরই মধ্যে জেরিনের স্বজনরা ফজলে আলীর ওপর আকস্মিক হামলা করেন। তাদের এলোপাতাড়ি কিল-ঘুষির আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা ফজলে আলীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে মো: ফয়সাল বলেন, সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জেরিনের খালাতো ভাই মো: মাহফুজের নেতৃত্বে স্বজনরা হামলা চালিয়ে আমার বাবাকে মেরে ফেলেছে। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। অন্যদিকে একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসা করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরো বলেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই। এজন্য আইনি পদক্ষেপের লক্ষ্যে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এদিকে অভিযুক্ত মাহফুজসহ অন্যরা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, শনিবার (২৪ অক্টোবর) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতারসহ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








