
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধর করে অচেতন করে দেয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বারবাড়িতে এ ঘটনা ঘটে।
আটক পুত্রবধূর নাম লিমা আক্তার (২১) ওই গ্রামের আবু ইউসুফ ভূট্টোর স্ত্রী। তার শাশুড়ি আরজিনা বেগমের বয়স ৬২ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে আরজিনা বেগমের সাথে তার পুত্রবধূ লিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিমা তার শাশুড়িকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে আরজিনা মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কেউ মারধরের দৃশ্য ধারণ করে ফেসবুকে পোস্ট করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত লিমাকে আটক করে। একই সাথে অচেতন অবস্থায় আরজিনাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে শাশুড়িকে মারধরের ভিডিও দেখার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় ও অভিযুক্ত পুত্রবধূকে আটক করে। আহত শাশুড়িকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








