
এসআরবি পরিচয়ে তুলে নেয়ার তিন দিন পর চট্টগ্রামের বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহসানকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ভোরে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের একটি টিম কক্সবাজারের টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ (৩২) ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক অন্য পাঁচজন হলেন— মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো: আব্বাস উদ্দিন (৩১), মো: ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এর আগে, গত শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ এহসানকে তার বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এসআরবি পরিচয়ে তুলে নিয়ে যায় চার ব্যক্তি। এ সময় অপহরণকারীরা শরীরে ভুয়া এসআরবির পোশাক, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত অবস্থায় ছিলেন।
অপহরণকারীকে ব্যবসায়ী এহসানকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর বিভিন্ন মোবাইল নম্বর থেকে ভিকটিমের স্ত্রী ও দোকানের ম্যানেজার মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবিকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যা করার হুমকিও দেয়।
এরপর প্রশাসনের তৎপরতায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এহসানের পরিবার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








