
চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার পশ্চিম পুইছড়ি এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
আটক অন্য পাঁচজন হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে ব্যবসায়ী এহছানকে অপহরণ করা হয়। সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন এসআরবি পোশাক পরে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়।
এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি মামলা হয়েছে। মামলার নম্বর ২৭।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








