আটক
ডিবি পুলিশের অভিযান। নয়া দিগন্ত

সাধারণ এক অটোরিকশা চালকের ছদ্মবেশ গ্যারেজে অভিযান চালায় ডিবি ঢাকা জেলা উত্তরের  উপ-পরিদর্শক (এসআই) মো: শাহাদত হোসেন। এসময় ওই গ্যারেজ থেকে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে তিনজনকে আটক করে এবং উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি।

Advertisement

‎রোববার (১৮ই অক্টোবর) রাত ৭টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎আটকরা হলেন জহুরুল, আলভী ও  মামুন। এরা সবাই শুটার সাদ্দামের সহযোগি বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

‎গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আটকরা কিছুদিন আগে জামিনে কারামুক্ত হয়। এরপর থেকেই পুনরায় ওই গ্যারেজে অস্ত্র বেচাকেনাসহ অপরাধমূলক কার্যক্রম শুরু করে। তারা শীর্ষ সন্ত্রাসী সাদ্দামের সহযোগী ও আউকপাড়া এলাকায় সাদ্দামের পক্ষে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিলেন। এর আগে এই অপরাধীদের ধরতে এসআই শাহাদতের নেতৃত্বে ডিবির পক্ষ থেকে আরো দুই-তিনবার অভিযান চালানো হলেও প্রতিবারই তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

রোববার রাতে এসআই শাহাদতসহ ডিবির একটি টিম পুরোপুরি কৌশল বদলান। অপরাধীদের চোখ ফাঁকি দিতে ডিবির সদস্যরা লুঙ্গি পড়ে সাধারণ অটোরিকশা চালকের ছদ্মবেশ ধারণ করেন। এই অভিনব ছদ্মবেশেই সুকৌশলে গ্যারেজের ভেতরে প্রবেশ করে চারদিক থেকে তাদের ঘিরে ফেলা হয়। দীর্ঘদিনের অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির সফল সমাপ্তি ঘটিয়ে শেষ পর্যন্ত ওই গ্যারেজে অস্ত্র বেচাকেনার সময় অত্যন্ত নাটকীয়ভাবে তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় ডিবি।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো: সাইদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটিকে ধরার চেষ্টা চলছিল ও অবশেষে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।