
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ প্রায় ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে পাঁচজনকে আটক করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো: নবীরুল ইসলাম এবং মুন্সীগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সক্রিয় সহযোগিতা করেন কোস্ট গার্ড ও নৌ পুলিশ।
লৌহজং উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো: রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, মা ইলিশ রক্ষায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। একইসাথে পাতানো জাল থেকে প্রায় ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়েছে।
এ সময় অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








