
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে আট দিনব্যাপী লালন কারুমেলা শুরু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে থেকে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে। শনিবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
মেলায় ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল, দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুক শিল্প, শতরঞ্জি, মনিপুরী তাঁত শিল্প, কুমিল্লার খাদি শিল্প, একতারা শিল্প ও তাঁতবস্ত্র শিল্পসহ মোট ১৫ জন কারুশিল্পী তাদের নিজস্ব তৈরি পণ্যসামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছেন। ফাউন্ডেশনে আগত দর্শনার্থীরা মেলায় কারুপণ্য তৈরি প্রক্রিয়া সরাসরি দেখার পাশাপাশি এখান থেকে পছন্দের কারুপণ্য কিনে নিয়ে যেতে পারবেন।
বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন, পুনরুজ্জীবন ও কারুশিল্পীদের উন্নয়ন কল্পে এ মেলার আয়োজন করেছে বলে জানায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচয় ঘটানোর জন্য এ মেলার আয়োজন। একসময় বটমূল, নদীর তীর বা নিদিষ্ট স্থানে গ্রামীন জীবনের প্রতিচ্ছবি মেলায় ফুটে উঠানোর জন্য মেলার আয়োজন করা হতো। এখন আর সেই মেলা দেখা যায় না। এ মেলার মাধ্যমে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বর্তমান প্রজন্ম চিনবে ও জানবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর মাসব্যাপী মেলার পাশাপাশি বিভিন্ন দিবসে কারুপণ্যের মেলার আয়োজন করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








