
হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিজিবির পৃথক অভিযানে ৭১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য ও মাদক জব্দ করা হয়েছে। এ সময় দুটি যানবাহনসহ দুজনকে আটক করা হয়।
রোববার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান।
আটকরা হলেন মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার লালটিলা গ্রামের শ্রী জীবন চাষা (২৫) ও সিন্দুরখান গ্রামের রাজন কয়েরী (৩৫)।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাস্তার পাশে সন্দেহজনক অবস্থায় একটি কাভার্ডভ্যান দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দ পণ্য ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৬০ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায় সিন্দুরখান বিওপির টহলদল। সীমান্ত পিলার থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাসহ জীবন ও কয়েরীকে আটক করা হয়।
এছাড়া ৫৫ বিজিবির অধীন চিমটিবিল ও সাতছড়ি বিওপির টহলদল শনিবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রোধে টহল ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








