
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) কর্তৃক চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অবৈধভাবে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ মুন্সিগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকালে দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ সীমান্তে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় লোকজনের তৎপরতায় তাদের মাথাভাঙ্গা নদী পার করে ভারতের ভূখণ্ডে ফিরিয়ে দেয়া হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের নিয়ে যায়।
এর আগের দিন শনিবার সকালে একই উপজেলার জামালপুর সীমান্তে নিজের জমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে আহত হন বাংলাদেশী কৃষক সাহাজুল। এ ঘটনায় সীমান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বিজিবি। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।
পরপর দুই দিনের এসব ঘটনায় সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুলিবর্ষণের ঘটনার পরদিনই পুশইনের চেষ্টা সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে বিএসএফের তৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত এবং এ ক্ষেত্রে প্রতিবাদের ভাষাও আগের চেয়ে জোরালো করা হয়েছে।’
বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








