
নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
শেখ খাজা মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মরহুম শেখ শফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যান মাইনুদ্দিন। এ সময় জমির মালিক ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। ঘাস কেটে বাড়ির ফেরার পথে ওই বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যান জমির মালিক। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হযরত মিলন আলী বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








