নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের আন্দোলন। নয়া দিগন্ত

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন জেলা প্রশাসক।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সকাল থেকেই প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে তার অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। 
এ সময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক। এর আগে রোববার সকাল থেকে ছাত্রী ও তাদের অভিভাবকরা আন্দোলন শুরু করলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল হায়াত ছুটে আসেন। সেদিনই বিদ্যালয়ের এ সব বিষয় তদন্তের জন্য দুটি কমিটি গঠন করে জেলা প্রশাসন।

আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাতকে আহ্বায়ক করে একটি এবং বিদ্যালয়ের ছাত্রীদের টিফিন, বিদ্যালয়ের উন্নয়ন ও ক্লাসে উপস্থিতি বিষয়ক কমিটিতে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আজহার আলীকে আহ্বায়ক করা হয়। তিন কার্যদিবসের মধ্যেই তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন বলে সেদিনই নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজহার আলী জানিয়েছিলেন। তিন কার্যদিবস শেষ হওয়ার আগেই বুধবার সকাল থেকে আবারো আন্দোলন শুরু করে ছাত্রীরা।

খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক মোছা: সুমনী আক্তার বিদ্যালয়ে আসেন। এ সময় ছাত্রীরা অভিযোগ করে, ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির বোর্ড ফি ২৩৩ ও ২৮২ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ ও ৪০০ টাকা আদায় করেন প্রধান শিক্ষক। এছাড়া সাড়ে ৯ টাকার টিফিন সরবরাহ করে ১৮ টাকা মূল্যের টিফিন লিখে ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করলেও প্রধান শিক্ষক কর্ণপাত করেননি।

পরে নাটোর জেলা প্রশাসক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আক্তারকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহমেদ বলেন, ‘আমার বিরুদ্ধে যে সব অনিয়মের অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। কারো ইন্ধনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমি ছুটিতে চলে গেলাম।’

জেলা প্রশাসক মোছা: সুমনী আক্তার বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ (বুধবার) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটি দেয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।’