গ্রেফতার
গাঁজাসহ গ্রেফতাররা। নয়া দিগন্ত

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানি। 

Advertisement

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোড়েলগঞ্জ-মোংলা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো: ইব্রাহিম (২৩), পারভেজ আহমেদ (২৫), আমিনুর রহমান (৩২) ও নূর আমিন (২৮)। তাদের মধ্যে ইব্রাহিম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার বাসিন্দা। অপর তিনজন রংপুরের বাসিন্দা বলে জানিয়েছে এসআরবি-৬।

এসআরবি-৬ সদর কোম্পানির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানকারী দলের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা গাঁজা ও জব্দ করা বাসের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।’

গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের উদ্ধার করা গাঁজা ও জব্দ করা বাসসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।