আড়াইহাজার থানা
আড়াইহাজার থানা। সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ। 

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ছমিরুন চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে। আটক ব্যাটারিচালিত অটোরিকশাচালক রাসেল ওই গ্রামের মফিজ মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ছমিরুন ও শিশু আতিয়া চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছমিরুনকে মৃত ঘোষণা করেন। আতিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: হুমায়ুন কবির নিহত নারীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। অটোরিকশাচালক রাসেলকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো: সবজেল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।