চুরির অপবাদে শিশুকে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন
চুরির অপবাদে শিশুকে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন। নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে চুরির অপবাদ দিয়ে সাত বছরের এক এতিম শিশুকে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। হাত-পা বেঁধে বেধড়ক পিটুনি দিয়ে শিশুকে আহত করেছে বলে অভিযোগ পার্শ্ববর্তী দোকানদার মফেজ উদ্দিনের বিরুদ্ধে। এমন নির্দয় ঘটনাটি ঘটেছে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবুদিয়া পূর্বপাড়া গ্রামে।

Advertisement

স্থানীয়রা জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ছোট এতিম শিশু জিহাদ বাড়ির পাশে মফেজ উদ্দিনের দোকানে চিপস কিনতে যায়। একপর্যায়ে দোকানদার মফেজ তাকে চুরির অপবাদ দিয়ে চুরির কথা স্বীকার করাতে তার বসতঘরের ভেতরে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। শিশুটির ডাকচিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে।

পরে শিশুটির নানা মফিজুল ইসলাম ও নানি বকুলী বেগম সোমবার (২৮ সেপ্টেম্বর)  চিকিৎসার জন্য শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে শিশু জিহাদের নানা মধুপুর থানায় লিখিত অভিযোগ করলে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এর আগেই অভিযুক্ত মফেজ পালিয়ে যায়। 

এ সময় স্থানীয় নারী-পুরুষসহ কয়েক শ’ বিক্ষুব্ধ জনতা ভিড় জমায়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।