সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, (ডানে) আহত পরিচ্ছনতাকর্মী রুবেল
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, (ডানে) আহত পরিচ্ছনতাকর্মী রুবেল। নয়া দিগন্ত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়ানোর কাজে ব্যবহৃত এয়ারগানের অনাকাঙ্ক্ষিত গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, রানওয়েতে পাখি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আনসার সদস্য মো: মোজাম্মেল হক এয়ারগানে সীসার কার্তুজ লোড করে গাড়িতে অবস্থান করছিলেন। গাড়ি থেকে নামার সময় এয়ারগানটি দরজায় ধাক্কা লেগে অনাকাঙ্ক্ষিতভাবে ফায়ার হয়। কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনের আসনে থাকা রুবেলের কোমরের বাম পাশে লাগে।

ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, তার আঘাত গুরুতর নয় এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ঘটনাটি ইচ্ছাকৃত নয়। পাখি তাড়ানোর সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।