বিমানবন্দরের রানওয়ে, (ডানে) আহত পরিচ্ছন্নতাকর্মী রুবেল
বিমানবন্দরের রানওয়ে, (ডানে) আহত পরিচ্ছন্নতাকর্মী রুবেল। নয়া দিগন্ত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের ছোঁড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনাবশত এমনটি ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় তিনি পাখি তাড়ানোর জন্য নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোঁড়েন। তবে গুলিটি গিয়ে লাগে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে। সাথে সাথে রুবেলকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, পাখি তাড়ানোর জন্য গাড়ি থেকে নেমে গুলি ছোঁড়ার নিয়ম রয়েছে। তবে মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছোঁড়েন। এতে দুর্ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ নয়া দিগন্তকে বলেন, গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটে গেছে। পরিচ্ছন্নকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়। তবে এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি আছে কি-না তা খতিয়ে দেখব।