
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পার সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকারে এসেছে। কোনো ভুয়া ভোটে নয়।’
তিনি বলেন, ‘দেশে গুটি কয়েক লোক মিথ্যা আর ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে তা হতে দেয়া যাবে না। বিএনিপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।’
পলাশের ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন নেতারা।








