
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা বলছেন দেশটাকে নতুন করে গড়বেন। এটি তো একা বিরোধী দলের পক্ষে সম্ভব না। সরকারি দল-বিরোধী দল সকলকে মিলেই তো দেশটাকে গড়তে হবে। সরকারকে সুযোগ করে দিতে হবে। তা হলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘লংমার্চে তারা যে মুখরোচক স্লোগান দিচ্ছেন তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে নাইলে গদি ছেড়ে দে। এই স্লোগান হাসিনার বিরুদ্ধে মানায়, ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ছয় মাসের সরকারের বিরুদ্ধে এই স্লোগান মানায় না।’
তিনি বলেন, ‘আমির সাহেব সংসদে বলেছেন তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা একদিনের না এটি বহুদিনের আগের সমস্যা। এই সমস্যা আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে। তাহলে আবার লংমার্চ কেন?’
মন্ত্রী বলেন, ‘বিরোধী দলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি।’
তিনি বলেন, ‘আমরাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মিছিল করেছি, মিটিং করেছি। আমরা কি শুরুতেই এসব লংমার্চ করেছি? তারা সংসদে ভালো ভালো কথা বলে বাহিরে লংমার্চ করছে। এটি ফ্যাসিবাদের সরকার না। আবার এটি ফ্যাসিবাদের সরকারের পালিত বিরোধী দল না। আপনাদের কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সে দিকে সজাগ থাকতে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, প্রফেসর ননী গোপাল ঘোষ, প্রফেসর মো: ইউসুফ, বিএনপি নেতা আবুল হাসেম, জামায়াত নেতা মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মোহাম্মদ আবদুল্লাহসহ আরো অনেকে।







