দোয়ারাবাজারে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৮ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতার আসামি অমল দাস ভিকটিমকে ফোন করে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী পেট্রোল পাম্পে ডেকে নেন। পরে ওই ভুক্তভোগী নারীকে মামার বাড়িতে পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে সিএনজিতে উঠায়।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
গ্রেফতার ধর্ষণ মামলার প্রধান আসামি অমল দাস
গ্রেফতার ধর্ষণ মামলার প্রধান আসামি অমল দাস |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক গৃহিনীকে গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি অমল দাসকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৮ মার্চ) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জানিগাঁও এলাকার বাসিন্দা ভুক্তভোগী নারী তার স্বামীর সাথে মনোমালিন্যের কারণে চার বছর ধরে স্বামী থেকে আলাদা হয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতার আসামি অমল দাস ভিকটিমকে ফোন করে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী পেট্রোল পাম্পে ডেকে নেন।

পরে ওই ভুক্তভোগী নারীকে মামার বাড়িতে পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে সিএনজিতে উঠায়। সিএনজিতে করে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গায় নিয়ে বেশ কয়েকজন সারারাত ধরে একাধিকবার জোরপূর্বক গণধর্ষণ করে। পরে একটি খড়ের ঘরে রেখে তারা পালিয়ে যায়। পরদিন (১৯ মার্চ) সকাল ৭টার দিকে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, (সিপিসি-৩) সুনামগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ শহরের মডেল থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি অমল দাসকে গ্রেফতার করে।

গ্রেফতার-পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অমল দাসকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।