রাতে নিখোঁজ, সকালে কারখানা শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

লাশের শরীরে বিশেষ করে বাম উরুতে বিভিন্ন রকমের আঘাতের চিহ্ন রয়েছে, যা রহস্য আরো ঘনীভূত করেছে।

Location :

Kaliakior
কারখানা শ্রমিকের লাশ উদ্ধার
কারখানা শ্রমিকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা ও গাজীপুর মহানগর প্রতিনিধি

সারারাত নিখোঁজ থাকার পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার অ্যাকাডেমির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলাম বুলবুল (৫২) নামে এক ওষুধ কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে পথচারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহত শফিকুল ইসলাম স্থানীয় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের শ্রমিক বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাতগ্রাম এলাকার মরহুম নবাব আলীর ছেলে। বর্তমানে তিনি কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার একতা টাওয়ারের নবম তলায় পরিবারসহ বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে কর্মস্থল থেকে স্ত্রীকে নিয়ে আসার উদ্দেশে বাসা থেকে বের হন শফিকুল ইসলাম। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। পরে তার স্ত্রী কারখানা ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফেরেন। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান জানান, নিহত শফিকুল ওই কারখানার উৎপাদন বিভাগের সহকারী হিসেবে ২০-২৫ বছর ধরে কর্মরত। গতরাত ৮টায় শফিকুল ইসলাম ডিউটি শেষে বাসার উদ্দেশে কারখানা থেকে বের হয়ে যান।

এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আনসার অ্যাকাডেমির লেকপাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, লাশের শরীরে বিশেষ করে বাম উরুতে বিভিন্ন রকমের আঘাতের চিহ্ন রয়েছে, যা রহস্য আরো ঘনীভূত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে স্বজন ও সহকর্মীরা থানায় গিয়ে লাশ শনাক্ত করে।

কালিয়াকৈর থানার পরিদর্শক মো: শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার উৎপাদন সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে।

এদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো: শরিফ উদ্দিন বলেন, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে একাধিক টিম মাঠে নেমেছে এবং প্রযুক্তির সহায়তায় বিভিন্ন দিক যাচাই-বাছাই চলছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।