মিঠাপুকুরে নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

র‌্যাব-১৩ ও ৪ -এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

Location :

Rangpur
গ্রেফতার আসামিরা
গ্রেফতার আসামিরা |নয়া দিগন্ত

রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর নুরুজ্জামান (৩১) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগরীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ইকবালপুর গ্রামের মো: জাহাঙ্গীর আলম (৩৪) ও মো: মোছন মিয়া (৫০)।

র‌্যাব-১৩ ও ৪ -এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩ -এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মিঠাপুকুরে এক নৃশংস হামলার শিকার হন নুরুজ্জামান। পরিবারের সাথে পূর্ব বিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে নুরুজ্জামানের মায়ের পথরোধ করে শ্লীলতাহানি ও মারধর শুরু করে। মাকে বাঁচাতে নুরুজ্জামান এগিয়ে আসলে আসামিরা তাকে মারধর করে এবং নৃশংসভাবে তার শরীরের স্পর্শকাতর স্থানে (অণ্ডকোষে) সজোরে লাথি মেরে গুরুতর জখম করে। ওইদিনই বিকেলে মিঠাপুকুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামানের মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মো: আবুল কাশেম বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। র‌্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার মিরপুর থানাধীন ঈদগাহ মাঠ ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।