গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। শেষ রাতে সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বেড়িয়ে পড়েন। ছিনতাইকারীর দুই সদস্য পালিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যান। তখন তাদের দু’জনকে পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করেন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। তারা এলে বিস্তারিত জানা সম্ভব হবে।’



