
বাংলাদেশের স্মার্টফোন বাজারে একটি উদ্বেগজনক প্রবণতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ২০২৫ সালে দেশে মোট স্মার্টফোন বিক্রির মধ্যে অফিসিয়াল চ্যানেলে বিক্রি হয়েছিল ৯৫ লাখ ইউনিট, আর অনানুষ্ঠানিক মার্কেটে বিক্রি হয়েছিল ১৬ লাখ ইউনিট। অর্থাৎ, ওই বছরে বাজারে মোট অনানুষ্ঠানিক বিক্রির অংশ ছিল ১৪.৪১ শতাংশ। মাত্র এক বছরের ব্যবধানে ২০২৬ সালে এসে চিত্রটি পাল্টে গেছে। অফিসিয়াল বিক্রি কমে দাঁড়িয়েছে ৭৯ লাখ ইউনিটে, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ হ্রাস পেয়েছে। বিপরীতে অনানুষ্ঠানিক বাজারে বিক্রি বেড়ে হয়েছে ২০ লাখ ইউনিট, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বলা চলে, বাজারে মোট স্মার্টফোন বিক্রির ২০.২০ শতাংশই এই অনানুষ্ঠানিক মার্কেটের দখলে। এই দুটি সংখ্যা একত্রে দেখলে যে চিত্র দাঁড়ায়, তা কেবল একটি বাজারের পরিসংখ্যান নয়; বরং একইসাথে, আমাদের নীতিগত ব্যর্থতার প্রমাণ।
স্মার্টফোনের দাম হিসাব করলে এই ব্যবধানটি আরো স্পষ্ট হয়ে ওঠে। ২০২৫ সালে অফিসিয়াল বাজারে স্মার্টফোন বিক্রির মোট মূল্য ছিল ১৬ হাজার ১৫০ কোটি টাকা। সেই তুলনায় অনানুষ্ঠানিক বাজারে বিক্রির মোট মূল্য ছিল ৫ হাজার ৯০০ কোটি টাকা। ২০২৬ সালে অফিসিয়াল বাজারের মোট মূল্য সামান্য কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০০ কোটি টাকায়। কিন্তু, একই সময়ে অনানুষ্ঠানিক বাজারের মোট মূল্য বেড়ে হয়েছে ১০ হাজার কোটি টাকা, অর্থাৎ এক বছরের মধ্যেই প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি। এর অর্থ হলো, অনানুষ্ঠানিক বাজারে বিক্রি হওয়া ফোনের গড় মূল্য বাড়ছে। কেবল সস্তা ফোন নয়, মাঝারি ও উচ্চমূল্যের স্মার্টফোনও ক্রমশ অনানুষ্ঠানিক পথে আসছে। ২০২৬ সালে সামগ্রিক স্মার্টফোন বাজারে অনানুষ্ঠানিক বিক্রির মূল্যভিত্তিক অংশ দাঁড়িয়েছে ৩৮.৭৬ শতাংশে, যা ২০২৫ সালে ছিল ২৬.৭৬ শতাংশ। বলাবাহুল্য, এই প্রবণতা চলতে থাকলে বৈধ বাজারের ভিত্তি দিনদিন আরো বেশি দুর্বল হয়ে পড়বে।
তবে, আশঙ্কার বিষয় হচ্ছে, রাজস্বের ওপর এই পরিসংখ্যানের প্রভাব সরাসরি এবং বেশ উদ্বেগজনক। অনানুষ্ঠানিক বাজার থেকে সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতি ২০২৫ সালে ছিল ৩ হাজার ৭৯১ কোটি টাকা। ২০২৬ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৫ কোটি টাকায়। মাত্র এক বছরে রাজস্ব ক্ষতি প্রায় দ্বিগুণ হয়েছে। এই অর্থ সরকারের কোষাগারে আসেনি, কারণ লেনদেনগুলো এমন চ্যানেলে হয়েছে যেখানে শুল্ক ও কর আদায়ের কোনো সুযোগ নেই। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ২০২৭ সালে রাজস্ব ক্ষতি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
এখন প্রশ্ন হলো, মানুষ কেন অনানুষ্ঠানিক বাজারের দিকে ঝুঁকছেন? উত্তরটি জটিল নয়। বাংলাদেশে স্মার্টফোন আমদানিতে মোট করভার ৬৪ শতাংশেরও বেশি। এই বিশাল করভারের কারণে অফিসিয়াল চ্যানেলে একটি ফোনের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি পড়ে। অন্যদিকে, অনানুষ্ঠানিক বাজারে সেই একই ফোন অনেকটা কম দামে পাওয়া যায়। একজন সাধারণ ক্রেতার জন্য এই মূল্যপার্থক্য উপেক্ষা করা কঠিন। তিনি অবৈধ পথে ফোন কিনছেন না, তিনি কম খরচে একই পণ্য পাওয়ার সুযোগ নিচ্ছেন। এখানে দোষটা ক্রেতার নয়, দোষটা আমাদের নীতিগত সিদ্ধান্তের।
পরিসংখ্যানগুলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে। ২০২৬ সালে অনানুষ্ঠানিক বাজারে বিক্রি হওয়া ফোনের গড় মূল্য ছিল প্রায় ৫০ হাজার টাকা। এই মূল্যমানের ফোন কেনার মানুষগুলো দরিদ্র নন, তারা মধ্যবিত্ত। তারা জেনেশুনে অনানুষ্ঠানিক পথ বেছে নিচ্ছেন, কারণ বৈধ বাজারে একই ফোনের দাম তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। এই শ্রেণির ক্রেতাকে বৈধ বাজারে ফেরাতে হলে কেবল আইন যথেষ্ট নয়, এর পাশাপাশি, স্মার্টফোনের দামও কমাতে হবে। উচ্চমূল্যের ফোন অনানুষ্ঠানিক বাজারে আসার আরেকটি কারণ হলো, বড় ব্র্যান্ডগুলো উচ্চ আমদানি শুল্কের কারণে বাংলাদেশে প্রিমিয়াম ডিভাইস আমদানি করতে নিরুৎসাহিত হয়। ফলে ক্রেতারা সেই পণ্য অনানুষ্ঠানিক পথেই সংগ্রহ করেন।
এই বাস্তবতায় সরকার ২০২৭ সাল থেকে এনইআইআর চালু করতে যাচ্ছে। উদ্দেশ্য হলো অনিবন্ধিত ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না, ফলে অনানুষ্ঠানিক বাজারে ফোনের চাহিদা কমবে এবং রাজস্ব ক্ষতিও কমে আসবে। কিন্তু এই যুক্তিতে একটি মৌলিক ফাঁক রয়েছে। এনইআইআর অনানুষ্ঠানিক বাজারের ফোন ব্লক করতে পারবে, কিন্তু সেই ফোন কেনার যে অর্থনৈতিক কারণ, অর্থাৎ বৈধ বাজারে অতিরিক্ত দাম, সেটি দূর করতে পারবে না। ফোন ব্লক হলে ক্রেতারা স্বাভাবিকভাবেই বৈধ বাজারে আসবেন, এমন ধারণা ততটাই সরল যতটা অসম্পূর্ণ। এক্ষেত্রে বরং, একটি বড় অংশ ফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দেবেন অথবা কম দামের ডিভাইসে সরে যাবেন। এর কোনোটিই সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ওপরের সংখ্যাগুলো স্পষ্টভাবে একটাই বার্তা দিচ্ছে। উচ্চ শুল্ক বহাল রেখে অনানুষ্ঠানিক বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। প্রতি বছর রাজস্ব ক্ষতি বাড়ছে, অনানুষ্ঠানিক বাজারের আকার বাড়ছে এবং বৈধ বাজার সংকুচিত হচ্ছে। এনইআইআর এই প্রবণতা ঠেকাতে পারবে না, যদি না একইসাথে, আমদানি শুল্ক কমিয়ে বৈধ বাজারকে প্রতিযোগিতামূলক না করে।
পরিশেষে বলা যায়, সরকারের রাজস্ব বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো বৈধ বাজার বড় করা। সেটি করতে হলে ফোনের দাম সাধারণ মানুষের নাগালে আনতে হবে। শুল্ক কমালে প্রতিটি ইউনিটে রাজস্ব কিছুটা কমবে, কিন্তু বৈধ লেনদেনের পরিমাণ বাড়লে সামগ্রিক রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।
লেখক : হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, পলিগন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








