পাকিস্তানে লাইনচ্যুত হওয়া ট্রেন
পাকিস্তানে লাইনচ্যুত হওয়া ট্রেন । সংগৃহীত ছবি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলে মুলতানের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো ১৭ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) জরুরি সেবাবিভাগের কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

Advertisement

পাঞ্জাবের জরুরি সেবাবিভাগের মুখপাত্র ফারুক আহমেদ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ট্রেন দুর্ঘটনায় চারজনের মৃত্যু এবং কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। 

তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ২১ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ১১টি অ্যাম্বুলেন্স ও ৩০ জন উদ্ধারকর্মী পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা এক উদ্ধারকর্মীও চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দেয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় আহতের সংখ্যা ২৫ জন।

এএফপির এক সাংবাদিক দুর্ঘটনাকবলিত ট্রেনের একটি বগির ভেতরে এক ব্যক্তির লাশ দেখতে পেয়েছেন।

এদিকে, পাঞ্জাব প্রদেশে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রেসিডেন্ট জারদারি দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘স্বচ্ছ তদন্ত’ পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এর আগে, ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে নওয়াবশাহের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানের পুরোনো রেলপথে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। দেশটির রেল নেটওয়ার্কে প্রায় সাত হাজার ৫০০ কিলোমিটার রেলপথ রয়েছে। এ নেটওয়ার্ক ব্যবহার করে বছরে আট কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন।

ঔপনিবেশিক আমলে গড়ে ওঠা পাকিস্তানের রেল নেটওয়ার্কের অনেক রেললাইন, জংশন ও সেতু ১৫০ বছরেরও বেশি পুরোনো। তবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) আওতায় দেশটির রেলব্যবস্থার আধুনিকায়নের কাজ চলছে।

সূত্র : বাসস