পৃথিবী, আলোকদিবস,  ভয়েজার-১,
ভয়েজার-১। আনদুলু

মানুষের তৈরি প্রথম মহাকাশযান হিসেবে পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে নাসার ভয়েজার-১। ৪৯ বছর আগে যাত্রা শুরু করা মহাকাশযানটি এখন পৃথিবী থেকে এতটাই দূরে যে, সেখান থেকে পাঠানো কোনো বেতার সংকেত পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে ২৪ ঘণ্টা। একইভাবে পৃথিবী থেকে পাঠানো নির্দেশ পৌঁছাতেও লাগবে এক দিন।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১৮ নভেম্বর) আরো জানায়, নাসার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ১৬ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৬ মিনিট; গ্রিনিচ মান সময় সকাল ১০টা ১৬ মিনিট) এই মাইলফলক অতিক্রম করে ভয়েজার-১। তখন পৃথিবী থেকে মহাকাশযানটির দূরত্ব ছিল প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার বা ১৬১০ কোটি মাইল। এখানে উল্লেখ্য তবে এই দূরত্ব স্থির নয়, প্রতি মুহূর্তেই বাড়ছে। মহাকাশযানটি ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার (৩৮ হাজার মাইল) বেগে পৃথিবী থেকে আরো দূরে সরে যাচ্ছে। ফলে পৃথিবী ও ভয়েজার-১-এর মধ্যকার ব্যবধানও ক্রমাগত বাড়ছে।

এক আলোকদিবস বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, সেটিকে বোঝায়। এই দূরত্বের কারণে পৃথিবী থেকে পাঠানো কোনো নির্দেশ ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে এক দিন লাগবে। মহাকাশযানটির জবাব পৃথিবীতে ফিরতে লাগবে আরো এক দিন। ফলে এই মাইলফলক অতিক্রম করার পর পাঠানো প্রথম সংকেতটি ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানীরা বৃহস্পতিবারের আগে হাতে পাবেন না।

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর বৃহস্পতি ও শনি গ্রহ অনুসন্ধানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভয়েজার-১। ১৯৭৯ সালে বৃহস্পতি এবং ১৯৮০ সালে শনি গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় গ্রহ দুটি ও তাদের বেশ কয়েকটি উপগ্রহের বিস্তারিত ছবি পাঠায় মহাকাশযানটি। গ্রহ অনুসন্ধানের কাজ শেষ হলেও থেমে থাকেনি তার যাত্রা। ১৯৯৮ সালে নাসার পাইওনিয়ার-১০-কে পেছনে ফেলে মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশ যানে পরিণত হয় এটি। ২০১২ সালে প্রথম মহাকাশযান হিসেবে আন্তনাক্ষত্রিক অঞ্চলে প্রবেশ করে। সূর্যের তৈরি সৌরজগতের সুরক্ষাবলয়ের বাইরের এই অঞ্চলেই এখন ঘুরে বেড়াচ্ছে ভয়েজার-১।

ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বা ৩৮ হাজার মাইল বেগে ছুটছে মহাকাশযানটি। পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় ১৭৩ গুণ দূরে রয়েছে এটি।

দীর্ঘ যাত্রায় এর পারমাণবিক শক্তির জোগান ক্রমেই কমে আসছে। ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে এখন সচল রয়েছে মাত্র দুটি। এগুলো আন্তনাক্ষত্রিক মহাশূন্যের চৌম্বকক্ষেত্র ও প্লাজমা তরঙ্গ পরিমাপ করছে। শক্তি পুরোপুরি শেষ হওয়ার আগে আরো কয়েক বছর তথ্য পাঠানো চালু রাখতে চান প্রকৌশলীরা।

ভয়েজার-১-এর যমজ মহাকাশযান ভয়েজার-২ যাত্রা শুরু করেছিল এর ১৬ দিন আগে। তবে ভিন্ন পথে চলায় সেটি একই দূরত্বে পৌঁছাবে ২০৩৫ সালের আগে নয়।

দুটি মহাকাশযানেই রয়েছে সোনার প্রলেপ দেয়া বিশেষ রেকর্ড। তাতে পৃথিবীর নানা শব্দ, সংগীত ও ছবি সংরক্ষণ করা হয়েছে। কোনো বুদ্ধিমান প্রাণী ভবিষ্যতে মহাকাশযান দুটি খুঁজে পেলে পৃথিবী সম্পর্কে ধারণা পাওয়ার উদ্দেশ্যেই এই রেকর্ড রাখা হয়েছে।

তবে মহাবিশ্বের বিশালতার তুলনায় এই দূরত্বও খুব বেশি নয়। এক আলোকবর্ষের সমান প্রায় ৩৬৫ আলোকদিন। সূর্যের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটিও চার আলোকবর্ষের বেশি দূরে।

এই অর্জন উদ্‌যাপনে মঙ্গলবার বিশ্বজুড়ে মানুষকে বিশেষ আহ্বান জানায় নাসা। সূর্যাস্তের পর মুঠোফোনের আলো জ্বালিয়ে মোর্স কোডে ভয়েজারের সংকেত ‘ভিজিআর’ প্রকাশ করতে বলা হয়। ভয়েজার-১ ও ভয়েজার-২-এর যাত্রা নিয়ে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার জেট প্রপালশন ল্যাবরেটরিতে একটি উন্মুক্ত অনুষ্ঠানে কথা বলবেন মিশনের বিজ্ঞানী ও নাসার কর্মকর্তারা।

এই ঐতিহাসিক মুহূর্ত উদ্‌যাপনে মঙ্গলবার বিশ্বজুড়ে মানুষকে বিশেষ আহ্বান জানায় নাসা। সূর্যাস্তের পর মুঠোফোনের আলো জ্বালিয়ে মোর্স কোডে ভয়েজারের সংকেত ‘ভিজিআর’ প্রকাশ করতে বলা হয়। এদিকে, ভয়েজার-১ ও ভয়েজার-২-এর অভিযান নিয়ে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার জেট প্রপালশন ল্যাবরেটরিতে এক উন্মুক্ত অনুষ্ঠানে আলোচনা করবেন মিশনের বিজ্ঞানী ও নাসার কর্মকর্তারা।