
১০ বছর বয়সেই পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দুই কিশোর আকিকুল ইসলাম ও রাকিবুল ইসলাম। মাত্র ১৮ মাসেই এই কীর্তি অর্জন করতে সক্ষম হয়েছে ১০ ও ১১ বছরের এই দুই কিশোর।
হাফেজ আকিকুল ইসলাম ও হাফেজ রাকিবুল ইসলাম রাজধানীর খিলক্ষেতের আলহাজ আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। আকিকুলের গ্রামের বাড়ি জামালপুর। তার বাবার নাম মো: কামরুল ইসলাম। আর রাকিবুলের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর। তার বাবার নাম মো: নজরুল ইসলাম।
এত অল্প বয়সে ও স্বল্প সময়ে তাদের পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার এই সাফল্যে আনন্দিত মাদরাসার শিক্ষক ও এলাকাবাসী। মাদরাসার মুহতামিম মাওলানা ইসহাক কামাল বলেন, ‘পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। অল্প বয়সে আমাদের দুই শিক্ষার্থীর এই অর্জন অত্যন্ত আনন্দের। তাদের মেধা, একাগ্রতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফল এই সাফল্য। আমরা আশা করি, তারা কোরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।’
উল্লেখ্য, চলতি বছর আলহাজ আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা থেকে হিফজুল কোরআন সম্পন্নকারী মোট ২৩ জন শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়েছে। মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের পাগড়ি পরিয়ে সম্মানিত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা সাজিদুর রহমান, জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাওলানা নাজমুল হাসান কাসেমী, জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাওলানা লোকমান মাযহারী, জামিয়াতুল মানহাল আল-কওমিয়ার মুহাদ্দিস মাওলানা আদনান মাসউদ, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং খিলক্ষেত বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম কাসেমীসহ খিলক্ষেতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা।
মাদরাসার সভাপতি আলহাজ এস.এম. ফজলুল হকের প্রত্যাশা, এসব নবীন হাফেজ ভবিষ্যতে কোরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি খিলক্ষেতের সর্বস্তরের জনসাধারণকে মাদরাসার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখারও আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








