শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা যুবায়ের আহমাদ
একটি অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহর সাথে মাওলানা যুবায়ের আহমাদ। সংগৃহীত

মানুষ ধীরে ধীরে ওয়াজ থেকে মুখ ফিরিয়ে নেয়ার দু’টি কারণ উল্লেখ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ বক্তা মাওলানা যুবায়ের আহমাদ। তিনি দাবি করেছেন, সবাই ২ কারণে ওয়াজের ব্যাপারে হতাশ ও বিমুখ। তার একটি হলো—বক্তাদের অতি অর্থচাহিদা ও আখলাকের গ্যাপ। 

Advertisement

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি এ দাবি করেন। এ সময় তিনি দ্বিতীয় কারণ হিসেবে অবিবেচনাপ্রসূত ‘রাজনৈতিক আলোচনা’কে দায়ী করেন।

মাওলানা যুবায়ের আহমাদ বিস্তারিত পোস্টে লেখেন, ‘গ্রামে গ্রামে যাচ্ছি। বিএনপি, জামায়াত, চরমোনাই, আওয়ামী লীগ—সব রাজনৈতিক দলের নেতাকর্মী বা সমর্থকদের সাথে কথাবার্তা হচ্ছে। এরাই আমাদের সমাজের অংশ। ওয়াজে তারাই টাকাপয়সা দেয়।’
 
তিনি আরো বলেন, ‘সবাই ২ কারণে ওয়াজের ব্যাপারে হতাশ ও বিমুখ। ১. বক্তাদের অতি অর্থচাহিদা ও আখলাকের গ্যাপ। ২. রাজনৈতিক আলোচনা: অনেক বক্তাই দরদি ও ইতিবাচক কথার চেয়ে নেতিবাচক বা পাবলিক ক্ষেপানোর কথা বলতে চান। এজন্য টেনে আনেন হাসিনা বা সরকারপ্রসঙ্গ। সরকার কোনো ইসলামবিরোধী কাজ করলে তার গঠনমূলক সমালোচনা করলে মানুষ বিরক্ত হয় না; বরং ইতিবাচকভাবে নেয়। কিন্তু ১ ঘণ্টার বক্তব্যের পুরোটাতেই হাসিনা-খালেদা, সরকার-জামায়াত, সা’দ সাহেব, আহলে হাদিস, এসব মানুষ চায় না।’

মাওলানা যুবায়ের আহমাদ বলেন, সা’দ সাহেব ইস্যু খুব সেনসেটিভ। এ ব্যাপারে কথা বললেও বলতে হবে বুকভরা দরদ নিয়ে। না হলে ক্ষতিই হবে। গ্রামের অজপাড়াগাঁয়ের একটি মাহফিলের ১ ঘণ্টার ওয়াজের পুরো সময় সা’দ সাহেবকে নিয়ে, এটা অনেকেই ইতিবাচকভাবে নেয় না। বিষয় নির্ধারণ হবে অবস্থা বুঝে।’

তিনি বক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি কেবলই এ ময়দানের একজন হিসেবে সবার প্রতি আহ্বান করি, আমাদের মুরব্বিরা খেয়ে-না খেয়ে এ দাওয়াতের ময়দান রেখে গেছেন। গ্রামগঞ্জের অপসংস্কৃতির বিপরীতে শক্ত জায়গা করে নেয়া হাজার বছরের ঐতিহ্য এ ময়দানকে ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। আল্লাহর জন্যই এ নিয়ে লিখব, বলব ইনশাআল্লাহ!’ এ ময়দানকে ক্ষতি থেকে বাঁচাতে প্রভাবক ব্যক্তিবর্গের সুনজরও কামনা করেন তিনি।