
গণভোটের রায়কে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হলে তাতে কোনো ধরনের বৈধতা দেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ কারণে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির আজকের বৈঠকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রোববার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণভোটের রায়কে পাশ কাটিয়ে কোনো ধরনের সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ খেলাফত মজলিস সংবিধান সংশোধনের পক্ষে নয়; বরং গণভোটের রায়ের আলোকে জনগণের মতামত ও প্রত্যাশার ভিত্তিতে সংবিধান সংস্কারের পক্ষে।
দলটি জানায়, এ বিষয়ে তাদের অবস্থান বারবার স্পষ্ট করা হয়েছে। সেই অবস্থানের পরও সংবিধান সংশোধনের লক্ষ্যে আয়োজিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেয়ার কোনো যৌক্তিকতা নেই। গণভোটের রায়কে উপেক্ষা করে কিংবা তার বাইরে গিয়ে কোনো প্রক্রিয়াকে বৈধতা দেয়ার প্রশ্নই আসে না।
বিবৃতিতে আরো বলা হয়, আজ রোববার সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না।







