
- ৫ বছরের সবচেয়ে কম গতি
- স্বাস্থ্য-রেলে প্রায় অনড় অবস্থা
উন্নয়নের জন্য বরাদ্দের অঙ্ক বাড়ছে। কিন্তু সেই অর্থ কাজে লাগানোর গতি বাড়ছে না। প্রকল্প বাস্তবায়নের চিত্র তলানিতে। বড় হচ্ছে বরাদ্দ ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান। উন্নয়নের জোয়ার নাকি হোঁচট খাওয়ার পালা? চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। গত পাঁচ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ। অথচ অর্থবছরের প্রথম চার মাসে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খরচ হয়েছে মাত্র ২০ হাজার ১৬০ কোটি টাকা। বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬.৫৩ শতাংশে। গত পাঁচ অর্থবছরের একই সময়ের মধ্যে এই হার সর্বনিম্ন। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী বরাদ্দের ২০,১৬০ কোটি টাকা খরচের পর হাতে থাকছে প্রায় ২,৮৮,৭৬৫ কোটি টাকা। অর্থবছরের বাকি আট মাসে পুরোটা খরচ করতে হলে প্রতি মাসে গড়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে।
পরিসংখ্যানের আর একটি দিক আরো তাৎপর্যপূর্ণ। গত অর্থবছরের একই সময়ে এডিপিতে বরাদ্দ ছিল দুই লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা। চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে প্রায় ৭০ হাজার ২২৯ কোটি টাকা বা ২৯.৪ শতাংশ। কিন্তু ব্যয় বেড়েছে মাত্র ২৮২ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দে প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি হলেও বাস্তবায়নের অঙ্কে তার প্রতিফলন নেই বললেই চলে। আইএমইডির (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) জুলাই-অক্টোবরের হালনাগাদ এডিপি বাস্তবায়ন চিত্রে এই ধীরগতির বিষয়টি উঠে এসেছে।
এডিপি বাস্তবায়নের গত পাঁচ বছরের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাস্তবায়নের হার ধারাবাহিকভাবেই পিছিয়ে রয়েছে।
২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এডিপির বাস্তবায়ন হার ছিল ১২.৬৪ শতাংশ। ওই সময়ে ব্যয় হয়েছিল ৩২ হাজার ৩৫৯ কোটি টাকা। পরের অর্থবছর ২০২৩-২৪-এ বাস্তবায়নের হার ছিল ১১.৫৪ শতাংশ, ব্যয় ৩১ হাজার ৬৯২ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন নেমে আসে ৭.৯৫ শতাংশে। ব্যয় হয় ২২ হাজার ৯৭৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৮.৩৩ শতাংশ, ব্যয় ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা। আর চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাস্তবায়ন আরো কমে দাঁড়িয়েছে ৬.৫৩ শতাংশে।
অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এ দিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে ব্যয় হয়েছে ২০ হাজার ১৬০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ব্যয় বেড়েছে মাত্র ২৮২ কোটি টাকা। অথচ বরাদ্দ বেড়েছে ৭০ হাজার কোটি টাকারও বেশি।
অবশ্য শুধু অর্থ ব্যয়ের অঙ্ক দিয়ে প্রকল্পের বাস্তব অগ্রগতি পুরোপুরি বিচার করা যায় না। তবে বরাদ্দের তুলনায় ব্যয়ের এই ব্যবধান এবং ধারাবাহিকভাবে কমতে থাকা বাস্তবায়নের হার পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের ঘাটতির ইঙ্গিত দেয়।
চার মাসের বাস্তবায়ন চিত্রে অক্টোবর মাসের ব্যয় কিছুটা আশাব্যঞ্জক মনে হতে পারে। ওই মাসে এডিপিতে ব্যয় হয়েছে প্রায় ৮ হাজার ৮৪২ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যয়ের তুলনায় এটি উল্লেখযোগ্য অঙ্ক।
কিন্তু গত বছরের অক্টোবরের সাথে তুলনা করলে চিত্রটি কিছুটা ভিন্ন। ২০২৫ সালের অক্টোবরে এডিপিতে ব্যয় হয়েছিল ৭ হাজার ৭২০ কোটি টাকা। চলতি বছরের অক্টোবরে ব্যয় বেড়েছে এক হাজার ১২২ কোটি টাকা।
গত বছরের অক্টোবরে বাস্তবায়ন হার ছিল ৩.২৩ শতাংশ। চলতি বছরের অক্টোবরে তা নেমে এসেছে ২.৮৬ শতাংশে।
অর্থাৎ টাকার অঙ্কে ব্যয় বাড়লেও বরাদ্দের তুলনায় উন্নয়ন ব্যয়ের গতি বাড়েনি, বরং কমেছে।
১৫ মন্ত্রণালয়ের হাতে অর্ধেকের বেশি বরাদ্দ
এডিপির বরাদ্দ বণ্টন পর্যালোচনায় দেখা যায়, সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের হাতেই রয়েছে মোট এডিপির প্রায় ৫২.৯০ শতাংশ। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় এক লাখ ৬৩ হাজার ৪০০ কোটি টাকা।
জুলাই-অক্টোবর সময়ে এসব মন্ত্রণালয় ও বিভাগ সম্মিলিতভাবে ব্যয় করেছে প্রায় ১৭ হাজার ৯৩০ কোটি টাকা। তাদের গড় বাস্তবায়নের হার প্রায় ১০.৯৭ শতাংশ। যা এডিপির সামগ্রিক বাস্তবায়ন হারের ৬.৫৩ শতাংশের তুলনায় বেশি।
বরাদ্দের দিক থেকে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরপর রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। অবকাঠামো, যোগাযোগ ও বিদ্যুৎ খাতে বিপুল অর্থ বরাদ্দের কারণে এসব বিভাগের প্রকল্প বাস্তবায়নের গতি সামগ্রিক এডিপির চিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্য দিকে বাস্তবায়নের হারে এগিয়ে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম চার মাসে তাদের বাস্তবায়নের হার প্রায় ২৪ শতাংশ। স্থানীয় সরকার বিভাগের হার প্রায় ২০.৭ শতাংশ।
স্বাস্থ্য ও রেলে কেন এত ধীরগতি?
এডিপি বাস্তবায়নের সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে স্বাস্থ্য ও রেল খাতে।
জুলাই-অক্টোবর সময়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাস্তবায়নের হার মাত্র ২.৮৮ শতাংশ। স্বাস্থ্যসেবা বিভাগের ক্ষেত্রে এই হার ৩.৯৪ শতাংশ। আর রেলপথ মন্ত্রণালয়ের বাস্তবায়ন হয়েছে মাত্র ৩.১ শতাংশ। জনগণের মৌলিক সেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের সাথে সরাসরি সম্পর্কিত এই তিন খাতে এমন ধীরগতি বিশেষভাবে প্রশ্নবিদ্ধ।
স্বাস্থ্য খাতে হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম কেনা, চিকিৎসা শিক্ষার অবকাঠামো তৈরি এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে অর্থ ব্যয়ের গতি কম থাকলে নির্ধারিত সময়ে অবকাঠামো ও সেবা সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
একইভাবে রেল খাতে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পণ্য পরিবহন এবং যাত্রীসেবার প্রত্যাশিত সুফলও পিছিয়ে যায়।
উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের সক্ষমতা কতটা?
এডিপির এই পরিসংখ্যান একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। উন্নয়ন বাজেটের আকার বাড়ানোই কি উন্নয়নের নিশ্চয়তা?
চলতি অর্থবছরে প্রায় তিন লাখ ৯ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি নেয়া হয়েছে। কিন্তু প্রথম চার মাসে ব্যয় হয়েছে মাত্র ৬.৫৩ শতাংশ। অর্থবছরের বাকি আট মাসে এই বিপুল অর্থ ব্যয় করতে হলে প্রকল্প বাস্তবায়নের গতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।
বিশেষ করে বড় বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্পভিত্তিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। কোন প্রকল্পে অর্থ ছাড় আটকে আছে, কোথায় দরপত্র প্রক্রিয়া শেষ হয়নি, কোন প্রকল্পে জমি অধিগ্রহণ বা নকশা জটিলতা রয়েছে, আর কোথায় প্রকল্প পরিচালকদের সিদ্ধান্তহীনতা কাজ করছে- এসব বিষয় চিহ্নিত করা জরুরি।
অন্যথায় অর্থবছরের শেষ দিকে ব্যয় বাড়ানোর তাগিদে তাড়াহুড়া করে বিল পরিশোধ ও কাজ সম্পন্ন করার প্রবণতা তৈরি হতে পারে। এতে ব্যয়ের পরিমাণ বাড়লেও কাজের মান ও অর্থনৈতিক সুফল নিয়ে প্রশ্ন থেকে যাওয়ার আশঙ্কা থাকে।
উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য শুধু বরাদ্দের অর্থ খরচ করা নয়; সেই অর্থ দিয়ে কতটা উৎপাদনশীল সম্পদ তৈরি হলো, কর্মসংস্থান কতটা বাড়ল, যোগাযোগ ও জনসেবার মান কতটা উন্নত হলো, অর্থনীতিতে কী ধরনের সুফল এল- সেটিই আসল বিবেচ্য।
সুতরাং চলতি অর্থবছরের প্রথম চার মাসের এডিপি বাস্তবায়নের চিত্র কেবল ব্যয়ের ধীরগতির হিসাব নয়, বরং উন্নয়ন পরিকল্পনার কার্যকারিতা যাচাইয়েরও একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








