ইসলামী ব্যাংকিং খাত, আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স, বাংলাদেশ ব্যাংক


দেশের ইসলামী ব্যাংকিং খাতে আমানত ও বিনিয়োগে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও বৈদেশিক রেমিট্যান্স আহরণ, রফতানি আয় সংগ্রহ এবং জনবল ব্যবস্থাপনায় দুর্বলতার চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে। বিশেষ করে এক বছরের ব্যবধানে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসা কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ। ফলে ইসলামী ব্যাংকিংয়ের সামগ্রিক আমানত ও বিনিয়োগ বাড়লেও গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেনের বাজারে তাদের অবস্থান দুর্বল হচ্ছে। 
গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের  প্রকাশিত ‘মাসিক ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স স্ট্যাটিস্টিকস, সেপ্টেম্বর ২০২৬’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটিতে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ও প্রচলিত ব্যাংকগুলোর বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যায়নেও বলা হয়েছে, অধিকাংশ সূচকে প্রচলিত ব্যাংকগুলো ইসলামী ব্যাংকগুলোর তুলনায় ভালো করেছে। 
প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে দেশের ইসলামী ব্যাংকগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ৭৮ হাজার ৫২০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল চার লাখ ৬৬ হাজার ৯২৬ কোটি টাকা; অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে ২ দশমিক ৪৮ শতাংশ। আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৭২ শতাংশ। 
অন্য দিকে প্রচলিত ব্যাংকগুলোর আমানত একই সময়ে ১৫ দশমিক ৯৬ লাখ কোটি টাকা থেকে বেড়ে ১৮ দশমিক ৩৪ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৪ দশমিক ৯৩ শতাংশ। মোট ব্যাংক আমানতের বাজারে ইসলামী ব্যাংকগুলোর অংশ ২০ দশমিক ৬৯ শতাংশ, বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর অংশ ৭৯ দশমিক ৩১ শতাংশ। 
আরো উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানতে। সেপ্টেম্বর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ সময়ে এসব ব্যাংকের আমানত ২ দশমিক ১৭ শতাংশ কমেছে। বিপরীতে প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখায় আমানত বেড়েছে ৩২ দশমিক ৩২ শতাংশ এবং উইন্ডোগুলোতে বেড়েছে ২৯ দশমিক ১ শতাংশ; অর্থাৎ ইসলামী ব্যাংকিংয়ের সম্প্রসারণ ঘটলেও তার বড় অংশ আসছে প্রচলিত ব্যাংকের ইসলামী সেবা কার্যক্রমের মাধ্যমে। 
বিনিয়োগ বাড়ছে, তবে বাজার হারাচ্ছে রেমিট্যান্সে 
ইসলামী ব্যাংকগুলোর মোট বিনিয়োগ সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ছয় লাখ ১৫ হাজার ৪১৫ কোটি টাকা। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ৭ দশমিক ৩৮ শতাংশ। তবে সামগ্রিক ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগের অংশ ২৩ দশমিক ৮৮ শতাংশ। প্রচলিত ব্যাংকগুলোর অংশ ৭৬ দশমিক ১২ শতাংশ। 
বিনিয়োগের ধরন বিশ্লেষণে দেখা যায়, ইসলামী ব্যাংকগুলোর অর্থায়নের বড় অংশ কয়েকটি পদ্ধতির ওপর নির্ভরশীল। এর মধ্যে বাই-মুরাবাহা ৪১ দশমিক ৪৪ শতাংশ, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলক (এইচপিএসএম) ১৮ দশমিক ৯৮ শতাংশ এবং বাই-মুয়াজ্জাল ১৬ দশমিক ৫৯ শতাংশ; অর্থাৎ মোট বিনিয়োগের বড় অংশই এই তিনটি পদ্ধতিতে কেন্দ্রীভূত। খাতভিত্তিক বিনিয়োগে শিল্প এবং ব্যবসা-বাণিজ্য প্রধান অবস্থানে রয়েছে। 
প্রতিবেদনের সবচেয়ে উল্লেখযোগ্য উদ্বেগের জায়গা প্রবাসী আয়। সেপ্টেম্বর ২০২৬-এ ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৬৭ মিলিয়ন ডলার। আগের বছরের একই মাসে এসেছিল ৮১৮ মিলিয়ন ডলার। ফলে এক বছরে কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। আগস্টের তুলনায়ও কমেছে ১০ দশমিক ০৮ শতাংশ। 
অন্য দিকে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে দুই হাজার ১৯৯ মিলিয়ন ডলার, যা আগের  বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৭৪ শতাংশ বেশি। মোট রেমিট্যান্সের বাজারে ইসলামী ব্যাংকগুলোর অংশ নেমে এসেছে ২০ দশমিক ৪৯ শতাংশে। 
এতে ইসলামী ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা সংগ্রহের সক্ষমতা ও প্রবাসীদের আস্থা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জুলাই ২০২৪-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকিং খাতের অস্থিতিশীলতা, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং আমানতকারীদের আস্থার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তাকেও রেমিট্যান্স প্রবাহের সম্ভাব্য প্রভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। 
রফতানি আয় সংগ্রহেও ইসলামী ব্যাংকগুলোর অবস্থান দুর্বল। সেপ্টেম্বর মাসে তাদের মাধ্যমে রফতানি আয় এসেছে ৬৮৩ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৮৫ শতাংশ কম। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রফতানি আয় এসেছে তিন হাজার ২২৬ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫৯ শতাংশ বেশি। 
তবে আমদানি পরিশোধে ইসলামী ব্যাংকগুলোর প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৩ শতাংশ। সেপ্টেম্বর মাসে এ খাতে লেনদেন হয়েছে এক হাজার ৫৬ মিলিয়ন ডলার। 
এজেন্ট ব্যাংকিংয়ে শক্ত অবস্থান, এনবিএফসিতে সীমিত 
এজেন্ট ব্যাংকিংয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এ খাতে তাদের আমানত দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৩ কোটি টাকা। মোট এজেন্ট ব্যাংকিং আমানতের ৪৭ দশমিক ৮৬ শতাংশ ইসলামী ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে। তবে আগের বছরের তুলনায় এ আমানত ১ দশমিক ৭৫ শতাংশ কমেছে। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আমানত বেড়েছে ৩২ দশমিক ২১ শতাংশ। 
জনবল ব্যবস্থাপনাতেও সঙ্কোচনের চিত্র রয়েছে। সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে কর্মরত জনবল ৪৫ হাজার ১৬৯ জন। আগের বছরের তুলনায় কমেছে ৩ দশমিক ৯৮ শতাংশ। তবে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সে বিশেষায়িত যোগ্যতাসম্পন্ন কর্মীর সংখ্যা বেড়ে ৬০৭ জন হয়েছে। 
ইসলামী ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফসি) ক্ষেত্রেও ইসলামী অর্থায়নের অংশ তুলনামূলক ছোট। সেপ্টেম্বর শেষে ইসলামী এনবিএফসিগুলোর আমানত চার হাজার কোটি টাকা, যা মোট এনবিএফসি আমানতের ৭ দশমিক ১৭ শতাংশ। বিনিয়োগ তিন হাজার ৩০০ কোটি টাকা, মোট বিনিয়োগের মাত্র ৪ দশমিক ৪৫ শতাংশ। তাদের সম্পদের পরিমাণ চার হাজার ২০০ কোটি টাকা। 
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে। পাশাপাশি ১৭টি প্রচলিত ব্যাংক ৫৮টি ইসলামী ব্যাংকিং শাখা এবং ১৪টি ব্যাংক ৬৬৬টি উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক সেবা দিচ্ছে। 
সামগ্রিকভাবে পরিসংখ্যান বলছে, ইসলামী ব্যাংকিংয়ের বাজার সম্প্রসারণের সুযোগ থাকলেও পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত, রেমিট্যান্স ও রফতানি আয় সংগ্রহে প্রতিযোগিতামূলক সক্ষমতা দুর্বল হচ্ছে। এ পরিস্থিতিতে আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, শরিয়াহ তদারকি শক্তিশালীকরণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। শুধু আমানত ও বিনিয়োগের পরিমাণ বাড়ানো নয়, বরং আর্থিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক লেনদেনে সক্ষমতা পুনর্গঠনই এখন ইসলামী ব্যাংকিং খাতের বড় চ্যালেঞ্জ।

Advertisement