কপ-৩১, বিশ্বব্যাংক, সমুদ্র-প্রকৃতি সুরক্ষা, নতুন উদ্যোগ, অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি


জলবায়ু সঙ্কট মোকাবেলায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল, বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) নবম দিন পার হয়েছে।
গতকাল মঙ্গলবার ‘সমুদ্র, সাগর, প্রকৃতি ও ভূমি ব্যবস্থাপনা দিবস’ উপলক্ষে সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণে বৈশ্বিক প্ল্যাটফর্ম চালু, ব্লু ফাইন্যান্সে বিনিয়োগের উদ্যোগ এবং জলবায়ুসহিষ্ণু বন ব্যবস্থাপনা নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রকৃতি সুরক্ষার এসব উদ্যোগের পাশাপাশি সম্মেলনের রাজনৈতিক আলোচনায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, অভিযোজন অর্থায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের পথ নিয়ে দেশগুলোর মতপার্থক্যও স্পষ্ট হয়েছে।
দিনটির আলোচনায় সভাপতিত্বের পক্ষ থেকে বলা হয়, জলবায়ু সহনশীলতা অর্জন শুধু জ্বালানি খাতের পরিবর্তনের ওপর নির্ভর করে না; সমুদ্র, উপকূল, বন, জীববৈচিত্র্য ও ভূমির প্রাকৃতিক ব্যবস্থাও সুরক্ষিত রাখতে হবে। এসব খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি প্রকৃতিনির্ভর সমাধান বাস্তবায়নে অর্থায়ন ও বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেয়া হয়।
সামুদ্রিক বর্জ্য নিয়ন্ত্রণে বৈশ্বিক প্ল্যাটফর্ম : দিনটির অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ ‘মেরিন লিটার অ্যাকশন প্ল্যাটফর্ম’ চালু। সামুদ্রিক বর্জ্য ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের অঙ্গীকারকে বাস্তব, পরিমাপযোগ্য এবং অর্থায়নযোগ্য কার্যক্রমে রূপ দেয়াই এর লক্ষ্য। তুরস্কের ‘জিরো ওয়েস্ট ব্লু’ অভিজ্ঞতার আলোকে দেশগুলোর সফল উদ্যোগ ও উত্তম চর্চা বিনিময়, অঙ্গীকার নিবন্ধন এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানের সাথে প্রকল্পের সংযোগ তৈরির ব্যবস্থা থাকবে প্ল্যাটফর্মটিতে।
সমুদ্র ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয় ‘ব্লু মিনিস্ট্রিয়াল ইভেন্ট: ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট রেডিনেস’। এতে সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, উপকূলীয় পরিবেশ রক্ষা এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পে অর্থায়ন বাড়ানোর উপায় নিয়ে দু’টি উচ্চপর্যায়ের প্যানেলে আলোচনা হয়।
এদিন ‘রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফর ওশানস ইনিশিয়েটিভ’ (জওঈভঙও) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। আঞ্চলিক ও আধাবদ্ধ সমুদ্রগুলোর সুরক্ষায় সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার করা এ উদ্যোগের উদ্দেশ্য। সমুদ্রবিষয়ক তথ্য-উপাত্ত বিনিময়, ব্লু কার্বন, প্রকৃতিনির্ভর সমাধান এবং বিনিয়োগযোগ্য উপকূলীয় প্রকল্প উন্নয়নে যৌথ উদ্যোগকে উৎসাহিত করা হবে। একই অনুষ্ঠানে তুলে ধরা হয় ‘আনতালিয়া ওশানস কমপ্যাক্ট’।
বন, জীববৈচিত্র্য ও আন্তর্জাতিক সমন্বয় : বনভূমি রক্ষা এবং দাবানলের ঝুঁকি মোকাবেলায় ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ফরেস্টস’ অধিবেশনে বিজ্ঞানভিত্তিক সমন্বিত অগ্নি ব্যবস্থাপনা, বন ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বন উজাড় ও অবক্ষয় বন্ধে যৌথ পদক্ষেপ এবং কার্যকর নীতিগত সুপারিশ তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবেলায় গৃহীত তিনটি আন্তর্জাতিক চুক্তির মধ্যে সমন্বয় বাড়াতেও উদ্যোগ নেয়া হয়েছে। ‘রিও সিনার্জি থ্রি হাই-লেভেল ডায়ালগে’ জাতীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ, আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের সুযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ‘রিও সিনার্জিস গ্রুপ ফর অ্যাকশন’ নামে নতুন উদ্যোগ চালু করা হয়েছে, যাতে কপ-৩১ শেষ হওয়ার পরও এ সহযোগিতা অব্যাহত থাকে।
এ ছাড়া অ্যান্টার্কটিকার বৈশ্বিক জলবায়ু ব্যবস্থায় ভূমিকা ও মেরু অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব তুলে ধরে দিনের কর্মসূচি শুরু হয়। জলবায়ু কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্যারিস চুক্তির ‘এনহ্যান্সড ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়ন নিয়েও মন্ত্রী পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের অগ্রগতি, তথ্য প্রকাশ এবং জলবায়ু লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অগ্রগতি পরিমাপের বিষয়গুলো আলোচনায় আসে।
অর্থায়ন নিয়ে বিতর্ক, বাংলাদেশের অনুদানের দাবি : প্রকৃতি ও সমুদ্র সুরক্ষার উদ্যোগের পাশাপাশি কপ-৩১-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অস্ট্রেলিয়ার প্রকাশিত ১৮ পৃষ্ঠার প্রথম খসড়া রাজনৈতিক চুক্তি। এতে ১৪৪টি দফায় জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসা, অভিযোজন অর্থায়ন বাড়ানো, মিথেন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক বিদ্যুতায়নের প্রস্তাব রয়েছে। খসড়ায় ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বার্ষিক অভিযোজন অর্থায়ন অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার কথা বলা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ‘আনতালিয়া থেকে আদ্দিস আবাবা রোডম্যাপ’ তৈরির প্রস্তাবও রয়েছে।
তবে অর্থের পরিমাণের পাশাপাশি অর্থায়নের ধরন নিয়েও মতবিরোধ রয়েছে। স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সহজে অর্থপ্রাপ্তি, পূর্বানুমানযোগ্য সহায়তা এবং অনুদানভিত্তিক অর্থায়ন চাইছে। বাংলাদেশের অবস্থানও স্পষ্ট- জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী হয়েও ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা চাপানো উচিত নয়। উপকূলীয় বাঁধ, লবণাক্ততা মোকাবেলা, কৃষি উৎপাদন রক্ষা ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে অনুদানভিত্তিক সহায়তা প্রয়োজন।
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়ক ও জলবায়ু অর্থায়ন পরিচালক ডায়ানা আকোনসিয়ার সাথে বৈঠকে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং উপকূলীয় ও অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত বিশেষ পরামর্শক সুবিধার জন্য নির্বাচিত তিনটি দেশের মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তি বিনিয়োগযোগ্য অভিযোজন প্রকল্প তৈরির সুযোগ তৈরি করেছে। মঙ্গলবার ব্লু জোনের এক নম্বর প্যাভিলিয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন ও সহনশীলতা নিয়েও সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়।
বিদ্যুতায়ন ও জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ : তুরস্কের প্রস্তাবিত ‘৩৫ বাই ৩৫’ উদ্যোগে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমান প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তিন গুণ এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বার্ষিক হার দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। তবে বিদ্যুতায়নের লক্ষ্য পূরণে কয়লা ও গ্যাসভিত্তিক উৎপাদন বাড়ার আশঙ্কা তুলে ধরে বিশ্লেষকরা ‘পরিচ্ছন্ন বিদ্যুতায়ন’ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জীবাশ্ম জ্বালানি বর্জনের ভাষা নিয়েও দেশগুলোর অবস্থান বিপরীতমুখী। রাশিয়া, সৌদি আরব ও আরব গোষ্ঠীর দেশগুলো নির্দিষ্ট জ্বালানি উৎসকে লক্ষ্য করে বাধ্যবাধকতা আরোপের বিরোধিতা করছে। অন্য দিকে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট রূপরেখার পক্ষে। খসড়াটি এখনো আলোচনাধীন; চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশ্বব্যাংকের বিনিয়োগ ও এআই নিয়ে উদ্বেগ : এদিকে গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংক গ্রুপ জলবায়ু কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিতে ১৭.৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ৬.৯ বিলিয়ন ডলারের বেশি সরাসরি বিনিয়োগ এবং ১০.৭ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে। কৃষি, উৎপাদনশিল্প, নগর অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এ অর্থ ব্যবহারের কথা বলা হয়েছে। তুরস্কে দুই লাখ ২৫ হাজার কৃষককে বাজার ও অর্থায়নের সাথে যুক্ত করার উদ্যোগও রয়েছে। সংস্থাটির হিসাবে ২০২৬ অর্থবছরে ৪৮ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের পাশাপাশি আরো ৪৮ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন আকৃষ্ট হয়েছে।
প্রযুক্তির ভূমিকা নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। ইউনেস্কো ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণায় দেখা গেছে, এআই মডেল সাধারণ জলবায়ু প্রশ্নের উত্তর বেশির ভাগ ক্ষেত্রে সঠিক দিলেও ব্যবহারকারী সামান্য দ্বিমত প্রকাশ করলে কিছু মডেল ভুল তথ্যের সাথে একমত হয়ে যায়। গবেষণায় ভুল উত্তরের দিকে মোড় নেয়ার প্রায় ৮০ শতাংশ ঘটনায় ব্যবহারকারীর সামান্য আপত্তির পরই এমন পরিবর্তন দেখা গেছে। বাংলা, হিন্দি ও উর্দুর মতো ভাষায় নির্ভুলতাও ইংরেজির তুলনায় কম।
সম্মেলনের বাইরে ৩৫০ ডট অর্গসহ নাগরিক সমাজের সংগঠনগুলো জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষার দাবিতে কর্মসূচি পালন করেছে। আগামী ২০ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার আগে জীবাশ্ম জ্বালানি, অভিযোজন অর্থায়নের উৎস ও অনুদানভিত্তিক সহায়তা নিয়ে সমঝোতাই এখন আলোচকদের বড় পরীক্ষা।

Advertisement