
- বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ বন্ধ
- পাঁচ মাসের জটিলতার পর পুরনো নিয়মে চুক্তি সম্পন্ন ও মেয়াদ বাড়ানোর অনুমতি অর্থ বিভাগের
- জনবল সঙ্কটে ব্যাহত সরকারি সেবা
- কর্মীদের চাকরির নিরাপত্তা ও নিয়োগে দুর্নীতির ঝুঁকি নিয়ে নতুন বিতর্ক
সরকারি দফতরগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের উদ্যোগ কার্যত আটকে গেছে আউটসোর্সিং নীতিমালার পরিবর্তন এবং সরকারি ক্রয় আইনের সাথে তার অসামঞ্জস্যের কারণে। সরকারি ব্যয় কমানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং সেবাকর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার যুক্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নেয়ার ব্যবস্থা পরিবর্তন করা হলেও বিকল্প নিয়োগপদ্ধতির প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো প্রস্তুত না করেই নতুন নীতি কার্যকর করা হয়। ফলে পুরনো পদ্ধতিতে নিয়োগ বন্ধ হয়েছে, অথচ নতুন পদ্ধতিতে নিয়োগ দেয়ার পথও পুরোপুরি তৈরি হয়নি। এর সরাসরি প্রভাব পড়েছে হাসপাতাল, সরকারি দফতর, গণপূর্ত, রেলপথ, কৃষি ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতের জনবল ব্যবস্থাপনায়।
পরিস্থিতি সামাল দিতে অবশেষে পুরনো নীতিমালার আওতায় শুরু হওয়া ক্রয়প্রক্রিয়া সম্পন্ন এবং মেয়াদোত্তীর্ণ কিছু চুক্তি সাময়িকভাবে চালু রাখার অনুমতি দিয়েছে অর্থ বিভাগ। গত ১৬ নভেম্বর জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর ২০২৬ বা তার আগে শুরু হওয়া নির্দিষ্ট আউটসোর্সিং ক্রয়প্রক্রিয়া আগের বিধান অনুসরণ করে সম্পন্ন করা যাবে। তবে এসব চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর। একই সাথে ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদ শেষ হলেও যেসব সেবা কার্যক্রম চলমান রয়েছে, সেগুলো অর্থ বিভাগের সম্মতিসাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আগের নিয়মে চালু রাখা যাবে।
প্রশাসনিকভাবে এটি আপাতত সঙ্কট মোকাবেলার ব্যবস্থা হলেও মূল সমস্যার সমাধান নয়। বরং প্রশ্ন উঠেছে, একটি বড় নীতিগত পরিবর্তনের আগে সরকারি ক্রয় আইন, বিধিমালা, নিয়োগপ্রক্রিয়া, জনবল ব্যবস্থাপনা এবং আর্থিক দায়বদ্ধতার বিষয়গুলো কেন সমন্বিতভাবে নিষ্পত্তি করা হয়নি?
নীতি পরিবর্তন, কিন্তু আইনি প্রস্তুতি অসম্পূর্ণ : ২০২৫ সালের ১৫ এপ্রিল অর্থ বিভাগ আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ জারি করে। পরে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নীতিমালাটি সংশোধন করা হয়। সংশোধনের মূল পরিবর্তন ছিল বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সেবাকর্মী নেওয়ার প্রচলিত ব্যবস্থার পরিবর্তে সরাসরি ব্যক্তির কাছ থেকে সেবা গ্রহণের সুযোগ তৈরি করা। পাশাপাশি অর্থ বিভাগ অনুমোদিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি), মাধ্যমে জনবল নেয়ার ব্যবস্থাও রাখা হয়।
সরকারের যুক্তি ছিল, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যস্থতা বাদ দেয়া গেলে সেবাকর্মীদের পারিশ্রমিক সরাসরি তাদের ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে দেয়া সম্ভব হবে। এতে বেতন থেকে অর্থ কেটে রাখা, নিয়োগের নামে অর্থ আদায় এবং কর্মীদের হয়রানির সুযোগ কমবে। একই সাথে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
কিন্তু নীতিমালার এই পরিবর্তনের সাথে সরকারি ক্রয়ের বিদ্যমান আইনি কাঠামোর সামঞ্জস্য নিশ্চিত করা হয়নি। সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০২৫-এ আউটসোর্সিংকে ভৌত সেবা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রচলিত ব্যবস্থায় প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে জনবল ও সেবা নেয়া হয়। কিন্তু সংশোধিত নীতিমালায় ব্যক্তির সাথে সরাসরি চুক্তির সুযোগ তৈরি হলেও আইন ও বিধিমালায় সেই প্রক্রিয়ার সুস্পষ্ট ভিত্তি ছিল না।
ফলে মন্ত্রণালয় ও বিভাগগুলো এক ধরনের দ্বিমুখী সঙ্কটে পড়ে। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে লোক নেয়া যাচ্ছে না, আবার সরাসরি ব্যক্তির কাছ থেকেও সেবা কেনার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। ফলে চাহিদা থাকা সত্ত্বেও নিয়োগপ্রক্রিয়া এগোচ্ছে না।
এক লাখ পদে নিয়োগের উদ্যোগ স্থবির : গত ২১ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন দফতরে ১৬ থেকে ২০তম গ্রেডের প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের প্রস্তাব ঝুলে রয়েছে। এসব পদে হাসপাতালের সুইপার, ল্যাব সহকারী, ট্রলিম্যান, পরিচ্ছন্নতাকর্মী এবং সরকারি দফতর ও বাসভবনের বিভিন্ন সেবাকর্মী নিয়োগের পরিকল্পনা ছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার সেবাকর্মী নিয়োগের প্রস্তাব রয়েছে। গণপূর্ত অধিদফতরের অধীন সরকারি বাসভবন ও দফতরের জন্য প্রায় পাঁচ হাজার কর্মী নিয়োগের কথা ছিল। রেলপথ, সমাজকল্যাণ, কৃষিসহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগেরও একই ধরনের জনবল চাহিদা রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আসিব আহসান জানিয়েছিলেন, তাদের বিভাগের কয়েক হাজার সেবাকর্মী দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ দেয়ার পরিকল্পনা থাকলেও চলমান দরপত্রের বিষয়ে করণীয় জানতে অর্থ বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। নীতিমালা স্পষ্ট না থাকায় নিয়োগ কার্যক্রম এগিয়ে নেয়া যাচ্ছে না।
এই অচলাবস্থার প্রভাব শুধু চাকরিপ্রত্যাশীদের ওপর সীমাবদ্ধ নয়। হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী পরিবহন, পরীক্ষাগার সহায়তা এবং সরকারি দফতরের দৈনন্দিন সেবা কার্যক্রমে প্রয়োজনীয় জনবল না থাকলে তার চাপ পড়ে সাধারণ নাগরিকের ওপর। অর্থাৎ নিয়োগপ্রক্রিয়ার প্রশাসনিক জটিলতা শেষ পর্যন্ত নাগরিকসেবার ঘাটতিতে রূপ নিতে পারে।
অর্থ বিভাগের চিঠির পর বিপিপিএর আপত্তি : সমস্যা সমাধানে অর্থ বিভাগ ২১ সেপ্টেম্বরই বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বা বিপিপিএকে চিঠি দেয়। সরাসরি ব্যক্তির কাছ থেকে আউটসোর্সিং সেবা নেয়ার বিষয়টি সরকারি ক্রয় আইন ও বিধিমালায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থাটিকে অনুরোধ করা হয়।
কিন্তু বিপিপিএর পর্যবেক্ষণে বিষয়টি আরো জটিল হয়ে ওঠে। ১৪ অক্টোবর অর্থ মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে সংস্থাটি জানায়, আউটসোর্সিং ব্যবস্থা চালুর অন্যতম উদ্দেশ্য ছিল সরকারি দফতরের সাথে সেবাকর্মীদের সরাসরি চুক্তিগত সম্পর্ক এড়ানো। এর মাধ্যমে ভবিষ্যতে এসব কর্মীকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি থেকে সৃষ্ট আর্থিক ও প্রশাসনিক জটিলতাও এড়ানোর চেষ্টা ছিল।
বর্তমান ব্যবস্থায় প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নির্বাচিত বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরকারি ক্রয়কারী কর্তৃপক্ষ চুক্তি করে। কর্মীরা ওই প্রতিষ্ঠানের অধীনে থেকে সরকারি দফতরে সেবা দেন। কিন্তু সরাসরি ব্যক্তির সাথে চুক্তির ব্যবস্থা চালু হলে আউটসোর্সিংয়ের মৌলিক কাঠামোই পরিবর্তিত হবে। এতে সরকারি দফতর ও কর্মীদের মধ্যে সরাসরি চুক্তিগত সম্পর্ক তৈরি হবে। ভবিষ্যতে চাকরির স্থায়িত্ব, নিয়মিতকরণ কিংবা রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি নতুন করে সামনে আসতে পারে।
বিপিপিএর আরেকটি উদ্বেগ হচ্ছে, সরকারি ক্রয়ের চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দিষ্ট দক্ষতা ও সক্ষমতা প্রয়োজন। ব্যক্তিপর্যায়ের সেবাকর্মীদের অনেকের সেই দক্ষতা না-ও থাকতে পারে। ফলে চুক্তির শর্ত, দায়বদ্ধতা, সেবার মান এবং অনিয়মের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা কঠিন হতে পারে।
সংস্থাটি আরো বলেছে, বেসরকারি সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বন্ধ হলে বিদ্যমান সেবা খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সরকারি ক্রয়ে বৈষম্যহীন অংশগ্রহণের নীতি এবং আন্তর্জাতিক রীতিনীতির সাথে এ ধরনের নিষেধাজ্ঞার সামঞ্জস্যও পর্যালোচনা করা প্রয়োজন।
অন্য দিকে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে সরাসরি চুক্তিতে ভৌত সেবা কেনার ক্ষেত্রেও পিপিআর ২০২৫-এর বিধি ৯৯(১)(ব)-এ নিজস্ব জনবল দিয়ে সেবা দেয়ার শর্ত রয়েছে। ফলে দেশব্যাপী বিপুলসংখ্যক কর্মী সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রকৃত জনবল, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় নেয়ার সুপারিশ করেছে বিপিপিএ।
অর্থাৎ অর্থ বিভাগের প্রস্তাবের বাস্তবায়ন শুধু আইনের কয়েকটি ধারা সংশোধনের বিষয় নয়; এর সাথে জড়িত নিয়োগের ধরন, চুক্তির দায়, সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ আর্থিক দায়ের প্রশ্ন।
১৬ নভেম্বরের নির্দেশনা : সমাধান, নাকি সময় কেনা?
এই পরিস্থিতিতে অর্থ বিভাগের ১৬ নভেম্বরের নির্দেশনা গুরুত্বপূর্ণ। এতে দু’টি পৃথক পরিস্থিতির জন্য সাময়িক ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমত, অর্থ বিভাগের সম্মতিক্রমে ২১ সেপ্টেম্বর ২০২৬ অথবা তার আগে যেসব আউটসোর্সিং সেবা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনার জন্য কার্যক্রম শুরু হয়েছিল, সেসব ক্রয়প্রক্রিয়া পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পিপিআর, ২০২৫ অনুসরণ করে সম্পন্ন করা যাবে। এ ক্ষেত্রে সংশোধনের আগের আউটসোর্সিং নীতিমালার বিধান অনুসরণ করা যাবে। তবে সম্পাদিত চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর।
দ্বিতীয়ত, ২০২৫ সালের নীতিমালার আওতায় সম্মতি পাওয়া যেসব সেবার মেয়াদ ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হয়েছে, কিন্তু সেবা কার্যক্রম এখনো চলছে, সেগুলো ২০২৬-২৭ অর্থবছরে অর্থ বিভাগের সম্মতিসাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পুরনো নিয়মে চালু রাখা যাবে।
এ নির্দেশনার ফলে চলমান সেবা কার্যক্রমে তাৎক্ষণিক বিঘেœর ঝুঁকি কমবে। পাশাপাশি আগে শুরু হওয়া দরপত্র ও ক্রয়প্রক্রিয়া বাতিল করে নতুন করে শুরু করার প্রশাসনিক জটিলতাও এড়ানো সম্ভব হবে। কিন্তু নির্দেশনায় এক লাখ নিয়োগের সব প্রস্তাব অনুমোদনের কথা বলা হয়নি। এটি মূলত নির্দিষ্ট সময়ের আগে শুরু হওয়া ক্রয়প্রক্রিয়া এবং মেয়াদোত্তীর্ণ হলেও চলমান থাকা কিছু সেবা চুক্তির ধারাবাহিকতা রক্ষার ব্যবস্থা। তাই এক লাখ পদে নিয়োগের অচলাবস্থা পুরোপুরি কেটে গেছে- এমন দাবি করার সুযোগ নেই।
বরং ৩১ ডিসেম্বরের পর কী হবে, সেটিই এখন বড় প্রশ্ন। নতুন পদ্ধতির আইনি ভিত্তি তৈরি না হলে আবারো একই ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে।
পাঁচ লাখ কর্মী, কিন্তু জবাবদিহি কার?
আউটসোর্সিং ব্যবস্থার পক্ষে-বিপক্ষে সবচেয়ে বড় বিতর্কটি কর্মীদের অধিকার ও নিয়োগকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের অভিযোগ, চাকরি পাওয়ার আগে সরবরাহকারী প্রতিষ্ঠানকে বড় অঙ্কের অর্থ দিতে হয়। চাকরি পাওয়ার পরও মাসিক বেতন থেকে একটি অংশ কেটে রাখা হয়। তাদের মতে, এ ব্যবস্থা শ্রমিক শোষণের সুযোগ তৈরি করেছে। তারা দীর্ঘদিন ধরে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ ও বেতন পাওয়ার দাবি জানিয়ে আসছেন।
অন্য দিকে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বক্তব্য, তারা শুধু কর্মী সরবরাহ করে না; নিয়োগের আগে প্রশিক্ষণ, কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ, কাজের মান নিয়ন্ত্রণ এবং অনাকাক্সিক্ষত ঘটনার ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করে। তাদের দাবি, সরকারি প্রতিষ্ঠানগুলোর একসাথে বিপুলসংখ্যক কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও তদারকির সক্ষমতা সীমিত।
বাংলাদেশ আউটসোর্সিং ম্যানপাওয়ার প্রোভাইডার সোসাইটির সভাপতি আবু তালেবের দাবি, বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচ লাখের বেশি জনবল সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো কর্মীদের প্রশিক্ষণ, নজরদারি ও জবাবদিহির দায়িত্ব পালন করে। সরাসরি সরকারি নিয়োগ চালু হলে বিশৃঙ্খলা ও দুর্নীতির আশঙ্কা রয়েছে।
তবে এই দাবির বিপরীতে প্রশ্ন হচ্ছে, পাঁচ লাখের বেশি কর্মী সরবরাহের যে কথা বলা হচ্ছে, তাদের কতজন বর্তমানে কর্মরত, কতজন নিয়মিত বেতন পাচ্ছেন, কতজনের বেতন থেকে কী পরিমাণ অর্থ কাটা হয় এবং নিয়োগের আগে অর্থ আদায়ের অভিযোগের তদন্ত কতটা হয়েছে? এসব বিষয়ে নির্ভরযোগ্য সমন্বিত তথ্য প্রকাশ না হলে কোনো পক্ষের বক্তব্য দিয়েই পুরো ব্যবস্থার সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করা সম্ভব নয়।
বিশেষ করে নিয়োগের নামে অর্থ আদায় এবং মাসিক বেতন থেকে অর্থ কেটে রাখার অভিযোগ সত্য হলে তা শ্রম অধিকার ও সরকারি ক্রয়ের স্বচ্ছতার গুরুতর প্রশ্ন। আবার সব বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানকে একই অভিযোগে অভিযুক্ত করাও যুক্তিসঙ্গত নয়। প্রয়োজন প্রতিষ্ঠানভিত্তিক নিরীক্ষা, কর্মীদের অভিযোগ যাচাই এবং চুক্তির শর্ত বাস্তবায়নের মূল্যায়ন।
২০০৮ সালের নীতির মূল উদ্দেশ্য কি হারিয়ে যাচ্ছে?
আউটসোর্সিংয়ের ইতিহাস পর্যালোচনা করলে বর্তমান সঙ্কটের তাৎপর্য আরো স্পষ্ট হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ২০০৮ সালে প্রথম এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কাজ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে করানোর ব্যবস্থা চালু করা হয়। ২০০৯ সাল থেকে এ ধরনের অস্থায়ী পদে নিয়োগের প্রচলন বাড়তে থাকে। পরে ২০১৮ ও ২০২৫ সালে নীতিমালা সংশোধন করা হয়।
পুরনো ব্যবস্থায় সরকারি কর্তৃপক্ষের সাথে সরাসরি কর্মীর চুক্তি না করে স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তির বিধান রাখা হয়েছিল। কোনো ব্যক্তির নামে নিয়োগপত্র ইস্যু না করার শর্তও ছিল। এর পেছনে একটি প্রশাসনিক যুক্তি ছিল- সরকারি দফতরের স্থায়ী জনবল কাঠামোর বাইরে প্রয়োজনীয় সেবা কেনা এবং ভবিষ্যতে এসব কর্মীর রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি থেকে সৃষ্ট আর্থিক দায় এড়ানো।
কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চলার পর কর্মীদের অধিকার, বেতন কর্তন, নিয়োগে অনিয়ম এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নিয়ে অসন্তোষ জমেছে। নতুন নীতিমালার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে গিয়ে আবারো পুরনো কাঠামোর মৌলিক উদ্দেশ্য ও নতুন ব্যবস্থার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।
এখানে সরকারের সামনে দু’টি বিপরীত বাস্তবতা রয়েছে। এক দিকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ অব্যাহত রাখলে মধ্যস্বত্বভোগী, বেতন কর্তন ও শ্রমিক শোষণের অভিযোগ মোকাবেলা করতে হবে। অন্য দিকে সরাসরি ব্যক্তির সাথে চুক্তি করলে সরকারি দফতরের ওপর নিয়োগ, প্রশিক্ষণ, তদারকি ও চুক্তিগত দায় বাড়বে। একই সাথে ভবিষ্যতে চাকরির স্থায়িত্ব ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি তৈরির সম্ভাবনাও বিবেচনায় নিতে হবে।
সংস্কার কি নিয়োগ-বাণিজ্যের নতুন দরজা খুলবে?
সরাসরি নিয়োগের পক্ষে একটি বড় যুক্তি হলো, এতে কর্মীদের বেতন সরাসরি তাদের হাতে পৌঁছাবে এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে অর্থ কেটে রাখার সুযোগ কমবে। কিন্তু শুধু মধ্যস্বত্বভোগী বাদ দিলেই দুর্নীতি বন্ধ হবে, এমন নিশ্চয়তা নেই।
প্রায় এক লাখ পদে নিয়োগের ক্ষমতা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের হাতে গেলে নিয়োগের যোগ্যতা, নির্বাচনপ্রক্রিয়া, স্বজনপ্রীতি প্রতিরোধ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করার প্রশ্ন সামনে আসবে। কেন্দ্রীয়ভাবে স্বচ্ছ নিয়োগবিধি, প্রকাশ্য বিজ্ঞপ্তি, যোগ্যতার মানদণ্ড, ডিজিটাল আবেদন, যাচাইযোগ্য মেধাতালিকা এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা না থাকলে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যস্থতার জায়গায় স্থানীয় বা প্রাতিষ্ঠানিক প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে।
একইভাবে আইআইএফসির মতো বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নেয়ার ব্যবস্থা কার্যকর করতে হলে তার নিজস্ব জনবল, প্রশিক্ষণ, আর্থিক সক্ষমতা, সেবার মান এবং দেশব্যাপী কার্যক্রম পরিচালনার বাস্তব সক্ষমতা যাচাই করতে হবে। একটি প্রতিষ্ঠানকে বিকল্প ব্যবস্থার কেন্দ্র হিসেবে নির্ধারণ করলেই বিপুলসংখ্যক নিয়োগের সমস্যার সমাধান হবে না।
এখন যা করা জরুরি : সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করে সরকারকে দ্রুত একটি সমন্বিত বাস্তবায়ন পরিকল্পনা নিতে হবে। প্রথমত, কোন মন্ত্রণালয়ে কতটি পদে নিয়োগ আটকে আছে, কতজন কর্মী বর্তমানে কাজ করছেন এবং কোন চুক্তির মেয়াদ কখন শেষ হবে- তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা প্রয়োজন।
দ্বিতীয়ত, সরাসরি ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ও বিধিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ স্পষ্ট আইনি কাঠামো তৈরি করতে হবে। তৃতীয়ত, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়োগের নামে অর্থ আদায়, বেতন কর্তন ও শ্রমিক হয়রানির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
চতুর্থত, নতুন ব্যবস্থা চালুর সময় বর্তমানে কর্মরত কর্মীদের চাকরির ধারাবাহিকতা, বকেয়া বেতন, প্রাপ্য সুবিধা এবং নিয়োগপ্রক্রিয়ায় ন্যায্যতার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। পঞ্চমত, ৩১ ডিসেম্বরের মধ্যে পুরনো চুক্তি থেকে নতুন ব্যবস্থায় রূপান্তরের সময়সূচি ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ নির্ধারণ করা জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, আউটসোর্সিং সংস্কারের লক্ষ্য যেন কেবল নিয়োগকারী প্রতিষ্ঠানের ধরন পরিবর্তনে সীমাবদ্ধ না থাকে। এর প্রকৃত সাফল্য নির্ভর করবে কর্মীরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন কি না, সরকারি সেবার মান বাড়ছে কি না, নিয়োগে দুর্নীতি কমছে কি না এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি আর্থিক দায় নিয়ন্ত্রণে থাকছে কি না- তার ওপর।
অর্থ বিভাগের ১৬ নভেম্বরের নির্দেশনা তাৎক্ষণিক প্রশাসনিক অচলাবস্থা সামাল দেয়ার একটি সুযোগ তৈরি করেছে। কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। বরং গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ দেখিয়েছে, নীতিগত সংস্কারের আগে আইনি প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা নিশ্চিত না করলে ভালো উদ্দেশ্যও জনসেবা সঙ্কট তৈরি করতে পারে।
এখন সরকারের সামনে মূল পরীক্ষা- এক লাখ নিয়োগের অচলাবস্থা কাটিয়ে এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে কর্মীরা মধ্যস্বত্বভোগীর শোষণ থেকে মুক্ত থাকবেন, সরকারি নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ কমবে এবং নাগরিকেরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হবেন না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








