ব্যাংকের টাকা লুটে বিদেশে সাম্রাজ্য, ফেরাতে লাগবে এক দশক!
  • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ
  • ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ, বিদেশে কার্যকর হয়নি ১৯ হাজার কোটি টাকার আদেশ
  • ৪০ প্রতিষ্ঠানের সম্পদ উদ্ধারে নতুন উদ্যোগ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজ দেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন একশ্রেণীর প্রভাবশালী ব্যবসায়ী ও ঋণখেলাপি। সেই অর্থের একটি বড় অংশ কোথায়, কার কাছে এবং কিভাবে সরিয়ে নেয়া হয়েছে, তা শনাক্ত করতেই এখন হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ব্যাংক খাত থেকে অর্থ পাচারের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে শীর্ষে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। তবে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আশার পাশাপাশি রয়েছে দীর্ঘ অনিশ্চয়তা। পুরো প্রক্রিয়া শেষ হতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ফরহানুল গনি চৌধুরী। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক সৈয়দ মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফরহানুল গনি চৌধুরী বলেন, দেশের ভেতরে আত্মসাৎ করা সম্পদ উদ্ধার এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বিদেশে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশে কোনো কর্মকাণ্ড অপরাধ হিসেবে বিবেচিত হলেও সংশ্লিষ্ট দেশে সেটি অপরাধ হিসেবে গণ্য না-ও হতে পারে।
এ কারণে পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কিভাবে স্থানান্তর করা হয়েছে, তা প্রথমে শনাক্ত করতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে সম্পদগুলো অবৈধভাবে অর্জিত কিংবা স্থানান্তর করা হয়েছে। দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধার করতে তিন থেকে পাঁচ বছর এবং পুরো প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি। অর্থাৎ, দেশের ব্যাংক থেকে অর্থ বেরিয়ে বিদেশে সম্পদে পরিণত হওয়ার পর তা ফিরিয়ে আনা শুধু প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় নয়; বরং প্রতিটি দেশের আইনি কাঠামোর মধ্যে দীর্ঘ লড়াইয়ের বিষয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধারের উদ্যোগ নেয়া হয়। পরবর্তী সময়ে ব্যাংকগুলোকে সরাসরি সম্পৃক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় অর্থ উদ্ধারের কৌশল গ্রহণ করা হয়। এর লক্ষ্য, যেসব ব্যাংকের অর্থ আত্মসাৎ বা পাচার হয়েছে, সেসব ব্যাংককে সামনে রেখেই বিদেশে আইনি পদক্ষেপ নেয়া। প্রথমপর্যায়ে ছয়টি ঘটনা নির্বাচন করা হয়েছিল। এর মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। অন্তত দু’টি ঘটনার ঋণ বিতরণ, জামানত এবং ব্যক্তিগত গ্যারান্টি সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক মতামত দিয়েছে।
গত আগস্টে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে, এমন প্রায় ৪০টি প্রতিষ্ঠানকে বিবেচনায় নেয়া হয়েছে। ঋণের অর্থ বিদেশে সরিয়ে নেয়ার তথ্য, সংশ্লিষ্ট মালিক বা ব্যক্তিদের বিদেশে অবস্থান এবং ব্যাংকের কাছে থাকা প্রমাণাদি বিবেচনায় নিয়ে এসব ঘটনা নির্বাচন করা হয়েছে। ব্যাংক ও বিদেশী আইনি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি সম্পন্ন হওয়ার পর ঋণসংক্রান্ত নথিপত্র হস্তান্তর করা হবে। সেগুলো পর্যালোচনা করে বিদেশী প্রতিষ্ঠানগুলো মামলা করার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি রয়েছে কি না, তা যাচাই করবে।
এ দিকে সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। তবে এই বিপুল সম্পদের বড় অংশ এখনো বিদেশে কার্যকরভাবে জব্দ করা সম্ভব হয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ফরহানুল গনি চৌধুরী বলেন, জব্দ করা সম্পদের মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকা দেশের ভেতরে। বিদেশে রয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ, যার ক্ষেত্রে বাংলাদেশের আদালত জব্দের আদেশ দিলেও সংশ্লিষ্ট দেশগুলোতে তা এখনো কার্যকর হয়নি। তিনি জানান, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে কয়েকটি দেশে কিছু সম্পদ সাময়িকভাবে অবরুদ্ধ করা সম্ভব হয়েছে। তবে স্থায়ীভাবে সম্পদ জব্দ করতে হলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী অপরাধের বিষয়টি প্রমাণ করতে হবে। এ ক্ষেত্রে উভয় দেশের আইনেই সংশ্লিষ্ট কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হওয়া গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে বিদেশে সম্পদ অবরুদ্ধ করার উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদের কথা উল্লেখ করেন টাস্কফোর্সের উপদেষ্টা। ব্রিটিশ কর্তৃপক্ষ প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অবরুদ্ধ করার তথ্য প্রকাশ করেছে। তবে এসব সম্পদের বিষয়ে চূড়ান্ত আইনি প্রক্রিয়া এখনো চলমান। অন্য দিকে সাময়িকভাবে জব্দ করা কিছু অর্থ ৩০ দিন পর সংশ্লিষ্ট দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার ঘটনাও সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। কিন্তু ৩০ দিন পর ওই অর্থ অন্য দেশে স্থানান্তর করা হয়। বর্তমানে সেই অর্থের সন্ধানে কাজ চলছে। তবে অর্থের পরিমাণ এবং কোন দেশে তা সরানো হয়েছে, তা প্রকাশ করা হয়নি। এ ঘটনা বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের ক্ষেত্রে সময়, সমন্বয় ও কার্যকর আইনি পদক্ষেপের গুরুত্ব নতুন করে সামনে এনেছে।
মামলার খরচের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশে পাচার হওয়া সম্পদের সন্ধান, জব্দ এবং আদালতে আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। এই বিপুল ব্যয় বহনে ব্যাংকগুলোর ওপর তাৎক্ষণিক চাপ না দিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। এ ব্যবস্থায় শুরুতে ব্যাংকগুলোকে অর্থ ব্যয় করতে হবে না। সম্পদ উদ্ধার করা সম্ভব হলে উদ্ধার হওয়া অর্থের একটি অংশ পাবেন মামলায় অর্থায়নকারী প্রতিষ্ঠান বা পক্ষ। শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এ ধরনের একটি চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে চুক্তির আইনি নথিপত্র তৈরির কাজ চলছে।
ফরহানুল গনি চৌধুরী জানান, পাচার হওয়া সম্পদের তুলনায় বিদেশে এখন পর্যন্ত অবরুদ্ধ সম্পদের পরিমাণ অপ্রতুল। এ কারণে ফৌজদারি ও দেওয়ানি- দুই ধরনের আইনি প্রক্রিয়ায় কাজ এগিয়ে নেয়া হচ্ছে। আন্তর্জাতিক আইনজীবী ও বিশেষজ্ঞদের সহায়তায় মামলার নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। তবে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করা, পাচার করা অর্থের পূর্ণাঙ্গ হিসাব বের করা এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ভূমিকা ও তদারকির ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
দেশের ব্যাংক খাতের অর্থ জনগণের আমানত ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই অর্থ বিদেশে পাচার হয়ে গেলে শুধু ব্যাংকের আর্থিক ক্ষতি হয় না, ক্ষতিগ্রস্ত হয় আমানতকারীর আস্থা, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। তাই পাঁচ থেকে ১০ বছরের আইনি লড়াইয়ের প্রতিশ্রুতির পাশাপাশি এখন সবচেয়ে বড় প্রত্যাশা-পাচারকারীদের জবাবদিহি নিশ্চিত করে প্রকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা।

Advertisement