
সৈয়দ সামসুজ্জামান নীপু
রোগী জানেন না, তার হাতে ধরিয়ে দেয়া পরীক্ষার তালিকার ২০ থেকে ৫০ শতাংশ টাকা চলে যাচ্ছে যিনি পরীক্ষা লিখেছেন তারই পকেটে। চিকিৎসক, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, ফার্মেসি, দালাল ও অ্যাম্বুলেন্স চালক মিলে গড়ে উঠেছে এক অদৃশ্য নেটওয়ার্ক। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিজিএইচডব্লিউ) সদ্য প্রকাশিত প্রতিবেদন বলছে, দেশের শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এই কমিশনের অঙ্ক বছরে ১,৮৬১ কোটি টাকা ছাড়াতে পারে। প্রতিদিনের হিসাবে যা পাঁচ কোটি ১০ লাখ টাকা। জেলা শহর যোগ করলে এই অঙ্ক আরো বেশি হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের ১৯১ পৃষ্ঠার দ্বিভাষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ড. শামসূল আলম আরেফিনের সম্পাদনায় প্রকাশিত প্রতিবেদনটিতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)। ‘চ্যালেঞ্জিং করাপশন : স্ট্রেংথেনিং গভর্ন্যান্স ইন বাংলাদেশ্ হেলথ সেক্টর’ শীর্ষক বিজিএইচডব্লিউ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এই নভেম্বর মাসে। এটি সংস্থার দশম প্রতিবেদন।
স্বাস্থ্য খাতে দুর্নীতির সামগ্রিক চিত্র : প্রতিবেদনের প্রথম তিন অধ্যায়ে দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতির ধরন, রোগীর অভিজ্ঞতা ও কমিশন-চক্র বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনের মূল বক্তব্য, স্বাস্থ্য খাতের দুর্নীতি কেবল কয়েকজন অসাধু ব্যক্তির কাজ নয়। এটি দুর্বল জবাবদিহিতা, স্বচ্ছতার অভাব, অব্যবস্থাপিত স্বার্থের দ্বন্দ্ব, বিক্ষিপ্ত তদারকি এবং দুর্বল নিয়ন্ত্রণ কাঠামোর ফল। প্রতিবেদনে ঘুষ ও আত্মসাতের পাশাপাশি নিয়োগে স্বজনপ্রীতি, ক্রয়ে স্বার্থের দ্বন্দ্ব, অনানুষ্ঠানিক ফি, চিকিৎসকের অনুপস্থিতি এবং নিয়ন্ত্রক সংস্থার প্রভাবিত সিদ্ধান্তকেও দুর্নীতির রূপ হিসেবে দেখা হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট স্বাস্থ্যব্যয়ের প্রায় ৭৩ শতাংশ মেটান খোদ নাগরিকেরা। এ কারণে অপ্রয়োজনীয় পরীক্ষা বা কমিশননির্ভর রেফারেল সরাসরি পরিবারের আর্থিক সঙ্কট বাড়ায়। প্রায় এক-চতুর্থাংশ পরিবার ‘ক্যাটাস্ট্রফিক’ স্বাস্থ্যব্যয়ের মুখে পড়ে বলেও উল্লেখ আছে।
রোগীর যাত্রাপথে প্রতি ধাপে ‘অদৃশ্য মাশুল’ : দ্বিতীয় অধ্যায়ে দেখানো হয়েছে, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্নীতির জালে পড়েন। বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও হাসপাতালের গেটে ‘দালাল’ গ্রামের রোগীদের মিথ্যা বলেন যে হাসপাতালে বেড নেই বা ডাক্তার নেই। এরপর রোগীকে নেয়া হয় কমিশনভুক্ত বেসরকারি ক্লিনিকে।
সরকারি হাসপাতালেও বিনামূল্যের সেবা অনেক সময় ‘লেনদেনের’ বিষয় হয়ে ওঠে। ভর্তি, ট্রলি, বেড বরাদ্দ, রক্ত ও ডিসচার্জ কাগজের জন্যও অনানুষ্ঠানিক টাকা চাওয়ার অভিযোগ আছে। উদাহরণস্বরূপ, নেফ্রোলজি ওয়ার্ডে ভর্তি এক বৃদ্ধ রোগী জানান, তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন অস্ত্রোপচারের তারিখের জন্য, তিন সপ্তাহেও তা হয়নি। অথচ ওই বিভাগে অস্ত্রোপচারই হয় না!
প্রতিবেদনে ২০২৪ সালে সন্তান জন্মদানের পর বাড়িতে মারা যাওয়া জাতীয় যুব ফুটবলার রাজিয়া খাতুনের ঘটনাও উল্লেখ আছে। সিজারের খরচ ও আস্থাহীনতাই তাকে হাসপাতাল থেকে দূরে রেখেছিল বলে সহকর্মীরা উল্লেখ করেছেন।
ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকের যোগসাজশ : তৃতীয় অধ্যায়ের কেন্দ্রস্থলে রয়েছে এই চক্র। চিকিৎসকের পরামর্শে বাইরে ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, সরকারি হাসপাতালের ওষুধ ‘নেই’ বলে বাইরে থেকে কেনানো, জরুরি অবস্থায় আইসিইউ বেড ও রক্ত নিয়ে দালালচক্রের দৌরাত্ম্য- সব মিলিয়ে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ ‘দুর্নীতির ইকোসিস্টেম’।
কমিশনের হার : জ্যেষ্ঠ চিকিৎসকেরা জানান, কিছু ডায়াগনস্টিক সেন্টার পরীক্ষার খরচের ২০-৩০ শতাংশ কমিশন দেয়। নতুন কেন্দ্রগুলো আরও বেশি দেয়। জেলা শহরে কমিশনের হার ৩০ থেকে ৫০ শতাংশে ঠেকেছে।
অন্যান্য চক্রের ভূমিকা : খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারেল চক্র চালানোর অভিযোগে পুলিশ ৩৭ জনকে গ্রেফতার করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালেও একই ধরনের ঘটনা ঘটেছে। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা প্রেসক্রিপশনের ছবি তোলেন, মাসিক লক্ষ্য ঠিক করেন এবং লক্ষ্য পূরণকারীকে নগদ টাকা ও উপহার দেন।
আইনের ফাঁক ও সুপারিশ : বিএমডিসির আচরণবিধি ও দুর্নীতিবিরোধী আইনে অনৈতিক আর্থিক সম্পর্ক নিষিদ্ধ থাকলেও কমিশনভিত্তিক রেফারেল নিয়ে নির্দিষ্ট আইনগত ধারা সীমিত, প্রয়োগও দুর্বল।
প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কেবল আইন প্রণয়নে বা শাস্তি দিয়ে এই সঙ্কটের স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন পুরো হেলথ সিস্টেমে কাঠামোগত পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠা:
১. স্বচ্ছ ডায়াগনস্টিক ও প্রাইসিং নীতি : বেসরকারি ল্যাবগুলোর পরীক্ষার ফি নির্দিষ্ট করে দেওয়া এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে ডাক্তারদের ডিজিটাল আইডি যুক্ত করে কমিশন বাণিজ্য বন্ধ করা।
২. দ্বৈত প্র্যাকটিস নীতিমালা : সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি প্র্যাকটিস এবং ডায়াগনস্টিক সেন্টারের স্বার্থ-সঙ্ঘাত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।
৩. ডিজিটাল কমপ্লেন ও সিটিজেন চার্টার : রোগীদের অভিযোগ জমা দেয়ার কার্যকর ব্যবস্থা করা এবং প্রতিটি হাসপাতালে সেবার তালিকা ও ফি প্রকাশ্যে প্রদর্শন বাধ্যতামূলক করা।
৪. সোস্যাল অ্যাকাউন্টেবিলিটি ও তদারকি : রোগী অধিকার সুরক্ষা আইন বাস্তবায়ন এবং শক্তিশালী স্বাধীন তদারকি সংস্থার মাধ্যমে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে জবাবদিহিতার আওতায় আনা।
চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার। দুর্নীতি যদি চিকিৎসকের স্টেথোস্কোপ আর প্রেসক্রিপশনের মধ্যে ঢুকে পড়ে, তবে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা আস্থা হারায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








