২০ টাকার আলু ১১ টাকায় তবু মিলছে না ক্রেতা
কুড়িগ্রামের রাজারহাটে হিমাগারে আলুর কেজি ১১ টাকা। মিলছে না ক্রেতা : নয়া দিগন্ত।

মাহবুবার রহমান রাজারহাট (কুড়িগ্রাম)

Advertisement

কুড়িগ্রামের রাজারহাটে হিমাগারে আলু মজুদ থাকলেও আশানুরূপ ক্রেতা মিলছে না। কমতে কমতে বর্তমানে পাইকারিতে প্রতি কেজি আলুর দাম নেমেছে ১১ থেকে ১২ টাকায়। অথচ উৎপাদন ও কেবল হিমাগারে সংরক্ষণ বাবদই প্রতি কেজিতে খরচ পড়েছে ২০ টাকার বেশি। এতে উৎপাদিত আলু বিক্রি করতে গিয়ে কৃষকদের কেজিপ্রতি বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। লোকসান মেনেও আলু বিক্রি করতে চাইলে ক্রেতা পাওয়া যাচ্ছে না। ফলে কুড়িগ্রাম ও রাজারহাট উপজেলার ছয়টি হিমাগারে বিপুল পরিমাণ আলু অবিক্রীত পড়ে থাকার আশঙ্কা দেখা দিয়েছে।
চলতি মৌসুমে আলুর উৎপাদন বেশি হওয়ায় শুরু থেকেই বাজারে দরপতনের চাপ ছিল। এর সাথে যুক্ত হয়েছে খালি বস্তার সঙ্কট, বস্তার বাড়তি দাম এবং হিমাগারের বর্ধিত ভাড়া। দাম বাড়ার আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেছিলেন। কিন্তু কাক্সিক্ষত দাম না বেড়ে উল্টো দরপতন অব্যাহত রয়েছে। ফলে ঋণ, বস্তার দাম ও হিমাগার ভাড়ার দায় মেটাতে গিয়ে অনেক কৃষককে পকেট থেকে টাকা দেয়ার উপক্রম হয়েছে।
হিমাগারে আলু সংরক্ষণকারী কৃষক আব্দুল্লাহ জানান, লাশের আশায় আলু হিমাগারে রেখেছিলেন। কিন্তু এখন ১১-১২ টাকা কেজিতে বিক্রি করলে উৎপাদন খরচই উঠছে না। হিমাগার ভাড়াসহ অন্যান্য খরচ যোগ হয়ে লোকসান আরো বাড়াচ্ছে। স্থানীয় বাসিন্দা রোকন মিয়া বলেন, কৃষকরা আলু উৎপাদনে ঋণ করেছেন, পরবর্তীতে হিমাগারে রাখতেও খরচ হয়েছে। এখন কম দামে বিক্রি করলে ঋণের টাকা শোধ করা অসম্ভব হয়ে পড়বে। দ্রুত বাজারদর না বাড়লে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা। উপজেলার বাবর কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক শরিফ আল মাসুদ জানান, চলতি বছর তাদের হিমাগারে ১১ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার মেট্রিক টন বিক্রি হলেও এখনো পাঁচ হাজার মেট্রিক টন অবিক্রীত রয়েছে। এর মধ্যে প্রায় একহাজার মেট্রিক টন বীজ আলু। বাকি আলু আগামী দুই মাসের মধ্যে বিক্রি করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া আলু উৎপাদনের জন্য অনুকূল হওয়ায় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম থাকায় কৃষকরা ব্যাপকভাবে আলু চাষ করেন। তবে একই সময়ে অতিরিক্ত উৎপাদন হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে দাম কমে গেছে। হিমাগারে থাকা আলুর সঠিক ব্যবস্থাপনা করা গেলে বাজারদর কিছুটা বাড়তে পারে, যা কৃষকদের ভোগান্তি ও আলু পচে যাওয়ার আশঙ্কা কমাতে সাহায্য করবে।