
- ৫.৮৯ বিলিয়ন ডলারের অর্থায়ন প্রতিশ্রুতি
- ঋণের ফাঁদ থেকে মুক্তি চায় ঝুঁকিপূর্ণ দেশগুলো
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেয়ার প্রতিশ্রুতি বাড়লেও সেই অর্থের বড় অংশই আসছে ঋণ ও কঠিন শর্তের অর্থায়ন হিসেবে। ফলে দুর্যোগের ক্ষতি সামলে ঘুরে দাঁড়ানোর বদলে নতুন ঋণের বোঝায় আটকে পড়ার ঝুঁকি বাড়ছে দেশগুলোর। অন্য দিকে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের প্রশ্নেও উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। কার্বন নিঃসরণ কমানোর প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ুর নামে বাণিজ্য শুল্ক আরোপ- সব মিলিয়ে তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর পঞ্চম দিনে অর্থায়ন ও জ্বালানি রূপান্তর নিয়ে তীব্র দরকষাকষি শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সম্মেলনের ‘অর্থায়ন ও বাণিজ্য’ এই থিমে দিনভর নানা আলোচনা অনুষ্ঠিত হয়। জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, দুর্যোগ ও উচ্চ সুদে পুঁজি সংগ্রহের দুষ্টচক্র থেকে বের করে আনার আহ্বান জানান। তিনি বলেন, শুধু অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণ করলেই হবে না; অর্থ কীভাবে দেয়া হচ্ছে, কী শর্তে পাওয়া যাচ্ছে এবং তা কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। জলবায়ু অর্থায়নকে বিচ্ছিন্ন প্রকল্পে সীমাবদ্ধ না রেখে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা ও সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের হাতিয়ার করতে হবে।
সম্মেলনের প্রথম চার দিনে ৯০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের বক্তব্য শেষে পঞ্চম দিনে মূল কারিগরি ও রাজনৈতিক দরকষাকষি আরো তীব্র হয়। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়নের উৎস ও শর্ত, ক্ষয়ক্ষতি মোকাবেলার তহবিলের স্বচ্ছতা এবং কার্বন বাণিজ্য নিয়ে বিভিন্ন দেশের অবস্থান সামনে আসে। ফলে কপ৩১-এর সাফল্য শুধু নতুন প্রতিশ্রুতি ঘোষণার ওপর নয় বরং সেই অর্থের ন্যায্য বণ্টন ও বাস্তবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের পথ নির্ধারণের ওপরও নির্ভর করছে।
ঋণ-দুর্যোগের দুষ্টচক্র থেকে বের হওয়ার আহ্বান
জলবায়ু অর্থায়নবিষয়ক শেষ উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সংলাপে সাইমন স্টিল বলেন, বন্যা, দাবানল, ঝড় ও খরার মতো দুর্যোগ উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সঙ্কটকে আরো বাড়িয়ে দিচ্ছে। দুর্যোগের পর রাজস্ব আয় কমে যায়, পুনরুদ্ধার ও পুনর্গঠনের ব্যয় বেড়ে যায় এবং ঋণের বোঝা ভারী হয়। এতে জলবায়ু সহনশীলতা তৈরির জন্য প্রয়োজনীয় বিনিয়োগের সুযোগ সঙ্কুচিত হয়ে পড়ে। এভাবে দেশগুলো ঋণ, দুর্যোগ ও উচ্চ সুদের এক নেতিবাচক চক্রে আটকে যাচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে অর্থায়নের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। তার মতে, জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী হলে বিনিয়োগের পরিবেশ উন্নত হবে, কম খরচে বেশি পুঁজি আসবে এবং সেই অর্থ জলবায়ু সহনশীলতা ও কম কার্বন নিঃসরণভিত্তিক উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে।
সাইমন স্টিল জানান, কানকুনে বছরে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরে কপ২৯-এ উন্নত দেশগুলোর নেতৃত্বে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ৩০০ বিলিয়ন ডলার এবং সব উৎস মিলিয়ে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য নেয়া হয়। এ লক্ষ্য বাস্তবায়নে বাকু-বেলেম রোডম্যাপ কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।
তবে অর্থের অঙ্ক বাড়ালেই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন জাতিসঙ্ঘের এই কর্মকর্তা। তার মতে, অর্থায়নের শর্ত নির্ধারণে সংশ্লিষ্ট দেশের ঋণ পরিশোধের সক্ষমতা ও আর্থিক স্থায়িত্ব বিবেচনায় নিতে হবে। বেসরকারি বিনিয়োগ, ঋণ ও আর্থিক গ্যারান্টি জলবায়ু কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। কিন্তু স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থনীতির জন্য অনুদান ও অতি স্বল্পসুদের অর্থায়ন অপরিহার্য। কোনো দেশকে যেন ঋণ পরিশোধ এবং জলবায়ু সহনশীলতা সৃষ্টির মধ্যে একটিকে বেছে নিতে না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
ঘোষিত অর্থের বেশির ভাগই ঋণ
কপ৩১-এর প্রথম পাঁচ দিন ও প্রাক-সম্মেলন পর্বে ঘোষিত সুনির্দিষ্ট অর্থায়নের হিসাবেও ঋণনির্ভরতার চিত্র স্পষ্ট। প্রদত্ত হিসাব অনুযায়ী, এ সময়ে বিভিন্ন দেশ, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক ও জনহিতকর সংস্থার পক্ষ থেকে প্রায় ৫ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের অর্থায়ন প্রতিশ্রুতি এসেছে। এর মধ্যে প্রায় ৫ দশমিক ১ বিলিয়ন ডলার, অর্থাৎ মোট অর্থের ৮৬ দশমিক ৫৭ শতাংশ, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ঋণ ও নীতিগত অর্থায়ন। এর বড় অংশই তুরস্কের অবকাঠামো ও সবুজ রূপান্তর প্রকল্পের জন্য।
অন্য দিকে সরাসরি অনুদান ও জনহিতকর তহবিলের পরিমাণ প্রায় ৬০১ মিলিয়ন ডলার। বহুপক্ষীয় অভিযোজন তহবিল হিসেবে আরো ১৯০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি রয়েছে। অর্থাৎ ঘোষিত অর্থের বড় অংশ ঋণ ও নীতিগত অর্থায়ন; জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর জন্য সরাসরি অনুদানের পরিমাণ তুলনামূলকভাবে সীমিত।
বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর মধ্যে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) তুরস্কের বিভিন্ন প্রকল্পে প্রায় ৫ দশমিক ১ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি করেছে। এসব অর্থ নবায়নযোগ্য জ্বালানি, দুর্যোগ-সহনশীল হাসপাতাল, নগর উন্নয়ন, শিল্পের কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব রেল অবকাঠামোয় ব্যবহারের কথা রয়েছে।
অন্য দিকে মিথেন ও অন্যান্য সুপার দূষণকারী গ্যাস কমাতে জনহিতকর সংস্থাগুলোর পক্ষ থেকে ৪৮০ মিলিয়ন ডলারের বেশি অনুদানের ঘোষণা এসেছে। সাতটি দেশে এ-সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তার জন্য আরো ২৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর অভিযোজন ও দুর্যোগ সহনশীলতায় ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’তে প্রায় ৯৪ মিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকারও রয়েছে।
কার্বন ব্রিফের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি আগের বছরের তুলনায় ৭০ শতাংশের বেশি কমেছে। এ তথ্য অর্থায়নের পরিমাণ ও উৎস নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তবে সম্মেলনের প্রাক্কালে যুক্তরাজ্য ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে ৬ বিলিয়ন পাউন্ড বা প্রায় ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। এটি প্রথম পাঁচ দিনের ৫ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের হিসাবের বাইরে।
বাংলাদেশ পেল ৩০ মিলিয়ন ডলার, প্রয়োজন আরো বেশি
কপ৩১-এর প্রথম পাঁচ দিনে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য প্রাপ্তি হলো ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘এআরআইএসই’ কর্মসূচিতে প্রথম ধাপের অগ্রাধিকারমূলক দেশ হিসেবে অন্তর্ভুক্তি। এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬০ কোটি টাকা পাবে। উপকূলীয় অঞ্চলের জলবায়ু-সহনশীল অবকাঠামো শক্তিশালী করা এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার উন্নয়নে এ অর্থ ব্যয় করার কথা। জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের অর্থায়নে পরিচালিত কর্মসূচিটির লক্ষ্য স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমে সহায়তা এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা।
তবে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও অর্থায়নের প্রয়োজনের তুলনায় এ বরাদ্দ সীমিত। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের প্রভাব মোকাবেলায় কৃষি, খাদ্যব্যবস্থা, অবকাঠামো ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। সে অর্থ কঠিন শর্তের ঋণ হিসেবে এলে দুর্যোগের ক্ষতি সামলানোর পাশাপাশি ঋণ পরিশোধের চাপও বাড়বে। তাই বাংলাদেশের জন্য অনুদান ও স্বল্পসুদের অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিল থেকে সহায়তা, প্রযুক্তি হস্তান্তর এবং সহজ শর্তে অর্থপ্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্থায়ন পেতে জটিলতা কমানোর দাবি
জলবায়ু তহবিল পেতে উন্নয়নশীল দেশগুলোকে দীর্ঘ ও ব্যয়বহুল প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে উল্লেখ করেন সাইমন স্টিল। আবেদন ও অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিভিন্ন তহবিল ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রশাসনিক চাপ কমানোর আহ্বান জানান তিনি।
জাতীয় কোষাগার, স্থানীয় সরকার, উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে নয় বরং এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করে অর্থায়ন পরিচালনার ওপর জোর দেন তিনি। তার মতে, প্রাথমিক পর্যায়ে অনুদান দিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বিনিয়োগযোগ্য প্রকল্পের তালিকা তৈরিতে সহায়তা করা যেতে পারে। পরে স্বল্পসুদের অর্থায়ন ও ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থায় প্রকল্পের পরিসর বাড়ানো সম্ভব। প্রযুক্তি উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধিতেও বিনিয়োগ প্রয়োজন।
এ লক্ষ্য সামনে রেখে কপ৩১-এ ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ বা ‘ব্রিজ’ উদ্যোগ আলোচনায় এসেছে। এর মাধ্যমে দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিকল্পনাকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর করে অর্থায়নের উৎসের সাথে যুক্ত করার কথা। নগর এলাকার সহনশীলতা বাড়াতে ‘সাসটেইনেবল আরবান রেজিলিয়েন্স ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ বা ‘সার্ফ’ উদ্যোগের লক্ষ্যও শহরের জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়া। এ ছাড়া জাতীয় উন্নয়ন ব্যাংকগুলোর মাধ্যমে সবুজ অর্থায়ন বাড়াতে ‘গ্রিন ব্যাংক অ্যাকসেলারেটর’ কর্মসূচি এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর তহবিলপ্রাপ্তির বাধা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
জীবাশ্ম জ্বালানি উত্তরণেও মতবিরোধ
অর্থায়নের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের পথ নিয়েও সম্মেলনে মতবিরোধ তীব্র হয়েছে। বিশেষ করে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) প্রযুক্তির ব্যবহার, ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার শুল্ক এবং জ্বালানি নিরাপত্তার প্রশ্নে দেশগুলোর অবস্থান এক নয়।
উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো সিসিএস প্রযুক্তি দ্রুত সম্প্রসারণের পক্ষে। তাদের যুক্তি, এ প্রযুক্তির মাধ্যমে শিল্প ও জ্বালানি খাতের কার্বন নিঃসরণ কমানো সম্ভব। কিন্তু পরিবেশবাদী সংগঠন ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আশঙ্কা, কার্বন ধরে রাখার প্রযুক্তিকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করার সুযোগ সৃষ্টি হতে পারে। একই সাথে ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা সিবিএএমের মতো বাণিজ্যিক ব্যবস্থাকে একতরফা জলবায়ু শুল্ক হিসেবে দেখছে উন্নয়নশীল দেশগুলো। তাদের দাবি, জলবায়ুর অজুহাতে নতুন বাণিজ্যিক বাধা তৈরি করা যাবে না।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরল বলেছেন, বিশ্ব ‘বিদ্যুতের যুগে’ প্রবেশ করছে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়লেও উন্নয়নশীল দেশগুলোতে বিদ্যুৎ গ্রিড অবকাঠামোয় বিনিয়োগ প্রায় তিন গুণ না বাড়ালে বৈশ্বিক লক্ষ্য অর্জন কঠিন হবে। অর্থাৎ শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, পরিচ্ছন্ন জ্বালানি সবার কাছে পৌঁছানোর অবকাঠামোও গড়ে তুলতে হবে।
জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাবের প্রতিবাদে গ্রিনপিস ও ডেনিশ শিল্পী থমাস ড্যাম্বো আনতালিয়া টাউন হলের পাশে ছয় মিটার উঁচু ‘ট্রোজান হর্স’ স্থাপন করেন। গ্রিনপিসের অভিযোগ, প্লাস্টিক ও কার্বন ক্যাপচারের মতো প্রযুক্তির আড়ালে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো নিজেদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে।
কপ৩১ প্রেসিডেন্সি সম্মেলনকে ‘বাস্তবায়নের কপ’ হিসেবে এগিয়ে নিতে চায়। তুরস্কের পরিবেশমন্ত্রী ও কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুমের বক্তব্য, প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান কমানো এবং জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু লক্ষ্যকে সমন্বিতভাবে এগিয়ে নেয়াই তাদের লক্ষ্য। তবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি, জ্বালানি নিরাপত্তার কথা বলে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের লক্ষ্য পিছিয়ে দেয়া যাবে না।
সব মিলিয়ে কপ৩১-এর পঞ্চম দিনে জলবায়ু আলোচনার মূল প্রশ্ন দু’টি আরো স্পষ্ট হয়েছে- অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবে কতটা অনুদান ও সহজ শর্তের সহায়তায় রূপ নেবে, আর জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সিদ্ধান্ত কতটা কার্যকর হবে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে সম্মেলনের সাফল্য তাই শুধু ঘোষিত অর্থের অঙ্কে নয়; বরং ঋণের বোঝা না বাড়িয়ে ন্যায্য অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তব অভিযোজনের সুযোগ নিশ্চিত করার মধ্যেই নিহিত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








