সৃজনশীল অর্থনীতিতে সরকারের ৫ বছরের নকশা
  •  ডিসেম্বরে খসড়া রোডম্যাপ, ফেব্রুয়ারিতে অনুমোদন
  •  কক্সবাজারে হবে রন্ধনশিল্প কেন্দ্র, সোনারগাঁওয়ে ঐতিহ্য পুনরুদ্ধার
     

 

Advertisement


শীতলপাটি, নকশিকাঁথা, টেরাকোটা, বাঁশ-বেতের কাজ, কাঠের খেলনা। এসব পণ্যকে ঘিরেই এবার বড় অঙ্কের অর্থনীতি গড়ার পরিকল্পনা করছে সরকার। গ্রামের কারিগরের হাত থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর এই যাত্রায় ঠিক হয়েছে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনা। ক্রিয়েটিভ অর্থনীতি নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার কার্যপত্রে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা  হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতি নিয়ে একটি উচ্চপর্যায়ে বৈঠকে এই পথনকশা তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এর আগে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর  সভাপতিত্বে ২৭ সদস্যের ‘ক্রিয়েটিভ অর্থনীতিবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সচিব, বিভিন্ন সংস্থাপ্রধান ও বেসরকারি খাতের প্রতিনিধিরা আছেন। কমিটির কাজ খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন, বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং মন্ত্রণালয়গুলোর কাজের সমন্বয়। 
সময়সীমা বেঁধে রোডম্যাপ 
সূত্র জানায়, কার্যপত্র অনুযায়ী অর্থ বিভাগ একটি সময়ভিত্তিক খসড়া কর্মপরিকল্পনা তৈরি করেছে। এতে স্বল্পমেয়াদ এক বছর, মধ্যমেয়াদ তিন বছর ও দীর্ঘমেয়াদ পাঁচ বছর ধরা হয়েছে। নীতিগত সম্মতি মিললে খসড়াটি মতামতের জন্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় পাঠানো হবে। এরপর সংশোধন করে পরবর্তী সভায় অনুমোদনের জন্য তোলা হবে।  তিন খাতের রোডম্যাপের সময়সূচিও ঠিক হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খসড়া তৈরি এবং ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে স্টিয়ারিং কমিটির অনুমোদন নেয়ার প্রস্তাব করা হয়েছে। 
ঐতিহ্যবাহী পণ্যের পাইলট কর্মসূচি 
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় মৃৎশিল্প, শীতলপাটি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না, টেরাকোটা, নকশিকাঁথা এবং বাঁশ ও বেত শিল্পসহ স্থানীয় ঐতিহ্যভিত্তিক সৃজনশীল পণ্য চিহ্নিত করার ওপর জোর দেয়া হয়েছিল। সেসব পণ্য নিয়েই পাইলট কর্মসূচি নেয়া হচ্ছে।
ডিজাইনার পুল ও আধুনিক নকশা কেন্দ্র 
গতকালের আলোচনায় বলা হয়েছে, পণ্যের নকশা উন্নত করতে বিসিকের নেতৃত্বে গঠিত হচ্ছে ‘ন্যাশনাল পুল অব ডিজাইনার্স’। এতে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বাফট) ও অন্যরা যুক্ত। এ নিয়ে একটি সভা হয়েছে। একই সাথে বিসিকের নকশাকেন্দ্রকে বৈশ্বিক মানদণ্ডে আধুনিক করতে একটি প্রকল্পের খসড়া ডিপিপি তৈরি হচ্ছে। বাফটের উপাচার্যকে স্টিয়ারিং কমিটিতে কো-অপ্ট করার প্রস্তাবও রয়েছে। 
কক্সবাজারে ‘রন্ধনশিল্প কেন্দ্র’ 
পর্যটন খাতে সবচেয়ে চোখে পড়ার মতো উদ্যোগ কক্সবাজারে রন্ধনশিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা।  বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল লাবণী কম্পাউন্ডের ৩.৮৪ একর জমিতে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও হোটেল নির্মাণের ডিপিপি ৮ অক্টোবর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি খসড়া পর্যটন মহাপরিকল্পনা আইএলও-নিযুক্ত দেশী-বিদেশী পরামর্শকরা পর্যালোচনা করছেন। শিগগিরই এটি চূড়ান্ত হবে বলে জানা গেছে। 
উৎসব, ঐতিহ্য ও খেলাধুলা 
সংস্কৃতি মন্ত্রণালয় ব্র্যাকের সহযোগিতায় মাসভিত্তিক ও থিমভিত্তিক একটি খসড়া ফেস্টিভ্যাল ক্যালেন্ডার তৈরি করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ষড়ঋতুভিত্তিক, বাণিজ্যিকভাবে লাভজনক একটি জাতীয় উৎসব ক্যালেন্ডারের কাজও চলছে। 
জানা গেছে, ঐতিহ্য পুনরুদ্ধারে দু’টি পাইলট প্রকল্পের সিদ্ধান্ত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানামনগর ও বড় সর্দার বাড়ির ঐতিহ্যবাহী স্থাপনা সংস্কার করে সেখানে আন্তর্জাতিক উৎসব আয়োজনের কথা প্রাথমিকভাবে ঠিক হয়েছে। 
নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির দ্বিতীয় মৌসুম ৫ নভেম্বর শুরু হয়েছে। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস ও দেশীয় খেলায় স্থানীয় পর্যায় থেকে প্রতিভা বেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনা হবে। 
‘এক গ্রাম এক পণ্য’ ও লিড মন্ত্রণালয় 
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারের সভাপতিত্বে ৭ ও ১৪ সেপ্টেম্বর ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচি নিয়ে দু’টি সভা হয়েছে। এতে একটি আলাদা কমিটি গঠনের ওপর গুরুত্ব দেয়া হয়। 
কর্মসূচির সমন্বয় নিশ্চিত করতে সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শিল্প মন্ত্রণালয়কে লিড মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে। সবার জন্য একটি নতুন শর্তও থাকছে। সৃজনশীল অর্থনীতি বিষয়ে কোনো প্রকল্প নেয়ার আগে ধারণাপত্র স্টিয়ারিং কমিটিতে উপস্থাপন করে পরামর্শ নিতে হবে। 
সামনের পথ 
অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ বিষয়ে গতকাল এই প্রতিবেদককে জানিয়েছেন, পরিকল্পনা কাগজে আকার পেয়েছে। এখন চ্যালেঞ্জ হলো সময়মতো রোডম্যাপ চূড়ান্ত করা, একাধিক মন্ত্রণালয়ের সমন্বয় রক্ষা করা এবং ডিপিপিগুলোর দ্রুত অনুমোদন। সেগুলো ঠিকঠাক এগোলে হস্তশিল্প, পর্যটন, প্রযুক্তি ও সংস্কৃতির এই মিলনে সৃজনশীল অর্থনীতি দেশের নতুন প্রবৃদ্ধির উৎস হয়ে উঠতে পারে।