নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেফতার ৭

ঝালকাঠি প্রতিনিধি 

Advertisement

ঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার পুলিশ বাদি হয়ে সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করে। এতে ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, রোববার দুপুরে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেফতারের পর তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। 
এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন রাকিব মৃধা, রুবেল মৃধা, মিল্টন হাওলাদার, সেলিনা বেগম, সোহেল হাওলাদার, রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম। নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান জানান, গ্রেফতার সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।