
- চতুর্থ শ্রেণীর জন্য খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি
- ১৫ ডিসেম্বরের মধ্যে শতভাগ মুদ্রণ কাজ শেষ করার টার্গেট
এই প্রথমবারের মতো পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে সাধারণ শিক্ষা কাঠামোর বাইরের নতুন চার বই। চতুর্থ শ্রেণীর জন্য খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীর জন্য লার্নিং উইথ হ্যাপিনেস ও আমার কারিগরি শিক্ষা নামের এই চার বইয়ে থাকবে শিক্ষার্থীদের শিক্ষণীয় নতুন নতুন সব বিষয়।
২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রণীত এই চারটি বইয়ের মুদ্রণ কাজও শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) থেকে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে চার বইয়ের শতভাগ মুদ্রণ কাজ শেষ করার টার্গেটও নির্ধারণ করে দেয়া হয়েছে। চারটি বই পৃথক দু’টি শ্রেণীতে সহপাঠ হিসেবে পড়ানো হবে।
সূত্র জানায়, প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরো বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলতে নতুন বছর থেকেই প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন চারটি ভিন্নমাত্রার পাঠ্যবই।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নীতি-নৈতিকতা, সৃজনশীল চিন্তাশক্তি ও বাস্তবমুখী কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এদিকে সব প্রস্তুতি শেষ করে গতকাল সোমবার থেকে নির্দিষ্ট প্রেস মালিকদের নতুন এই বইয়ের সিডি দেয়া শুরু করেছে এনসিটিবি; অর্থাৎ আজ মঙ্গলবার থেকে নতুন বই মুদ্রণের কাজ পুরোদমে শুরু হবে। চার শ্রেণীর জন্য মোট দেড় কোটি বই মুদ্রণের দায়িত্ব পেয়েছে ২৩টি মুদ্রণ প্রতিষ্ঠান। প্রতিটি প্রেস ইতোমধ্যে বইয়ের সফট কপি বা সিডি সংগ্রহ করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহু দশকের রূপকল্প, বহুমুখী গবেষণা ও নির্দেশনার আলোকেই এনসিটিবি এই নতুন চার পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে।
এনসিটিবির সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আনন্দ, খেলাধুলা, সংস্কৃতির মেলবন্ধন এবং হাতে-কলমে কারিগরি দক্ষতানির্ভর পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে। এই নতুন পাঠ্যপুস্তক বদলে দেবে নতুন প্রজন্মের শিখন পদ্ধতি ও অভিজ্ঞতা।
গত ২৫ অক্টোবর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি) সভায় বইগুলো চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এনসিটিবি জানিয়েছে, চারটি বইয়ের প্রায় এক কোটি ৫০ লাখ কপি বই মুদ্রণ করা হবে।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা জানান, নতুন চারটি পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি প্রণয়ন ও ভ্যালিডেশন কাজ শেষ করে গত মাসেই বইয়ের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এখন প্রেসগুলো সিডি নিয়ে সেগুলো মুদ্রণের কাজ শুরু করবে। আমরা প্রেস মালিকদের ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছি। এ সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে চাই।
এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মোহাম্মাদ আবু নাসের টুকু জানান, প্রেসগুলো সিডি সংগ্রহ করছে। আমরা যতদূর খোঁজ নিয়েছি কিছু প্রেস মঙ্গলবার (আজ) থেকেই মুদ্রণ কাজ শুরু করবে। অন্যরাও এক-দুই দিনের মধ্যেই মুদ্রণ কাজ শুরু করবে। তবে আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই এবার সব বই মুদ্রণ ও সরবরাহ করাও সম্ভব হবে।
নতুন চারটি বইয়ের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন নয়া দিগন্তকে জানান শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করে তুলতে দীর্ঘ দিন থেকেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করেছেন। প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থা নিয়ে যে চিন্তাধারা, অভিজ্ঞতা ও গবেষণা পরিচালনা করেছেন—তারই বহিঃপ্রকাশ হিসেবে পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে নতুন এসব বই।
খেলাধুলা : সুস্থ জীবনধারা ও আত্মরক্ষার কৌশল
এনসিটিবি জানায়, শিক্ষার্থীদের বয়স ও মানসিক বিকাশ বিবেচনায় চতুর্থ শ্রেণীর ‘খেলাধুলা’ বইটি প্রণয়ন করা হয়েছে। ১৪টি গতিশীল অধ্যায়ে সাজানো এই বইটির মূল উদ্দেশ্য শিশুদের শৈশব থেকেই সুস্থ জীবনধারা ও ক্রীড়াচর্চায় আগ্রহী করে তোলা। বইটিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিকস ও দাবাসহ বিভিন্ন খেলার মৌলিক নিয়মকানুন সহজভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার কৌশল শেখাতে কারাতে, জুডো ও তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক কৌশল স্থান পেয়েছে।
এছাড়া খেলার মাঠে বা দৌড়ানোর সময় কেটে যাওয়া, মচকানো, নাক দিয়ে রক্ত পড়া বা হিট স্ট্রোকের মতো পরিস্থিতিতে করণীয় বাস্তবসম্মত ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসাসামগ্রীর ব্যবহার ও ইনজুরি প্রতিরোধের কৌশল এতে হাতে-কলমে শিখবে। শুধু খেলাই নয়; এতে পুষ্টি, সামাজিক দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশের সংস্কৃতি : ঐতিহ্য, মূল্যবোধ ও নতুন কুঁড়ি
এনসিটিবি সংশ্লিষ্টরা জানান, দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির সাথে কোমলমতি শিক্ষার্থীদের নিবিড় পরিচয় ঘটাতে ১১টি অধ্যায়ে প্রণয়ন করা হয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইটি। এতে ভাষা, পোশাক, শিল্পকলা, খাদ্য সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনধারা বর্ণিল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। বইটিতে বাংলা বর্ণমালা চর্চা, বিদ্যালয় উৎসব, জাতীয় পতাকা উত্তোলন ও পিঠা-পুলির মেলবন্ধনের পাশাপাশি মা-বাবার যৌথ সিদ্ধান্ত গ্রহণ ও গৃহস্থালির পারস্পরিক সহযোগিতার আধুনিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়া একটি বিশেষ অধ্যায়ে শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ির’ ইতিহাস, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ এবং বিজয়ীদের দুর্লভ ছবি যুক্ত করা হয়েছে।
লার্নিং উইথ হ্যাপিনেস : ভীতিহীন ও আনন্দময় শিখনদর্শন
এনসিটিবি সংশ্লিষ্টরা জানান, পড়াশোনাকে ভীতিমুক্ত ও অত্যন্ত আনন্দদায়ক করার দর্শন নিয়ে আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ছয়টি অধ্যায়ে প্রণীত হয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটি, যা বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় যুক্ত হতে যাওয়া একটি নতুন ধারণা ও পাঠ্যক্রম। প্রচলিত পরীক্ষা ব্যবস্থার পরিবর্তে আনন্দময় অভিজ্ঞতা, পারস্পরিক মিথস্ক্রিয়া ও সহপাঠক্রমিক নানা কার্যক্রমের মধ্য দিয়ে কিভাবে জ্ঞান অর্জন করা যায়; তা এতে তুলে ধরা হয়েছে। বইটি পাঠ্যভার অনেকাংশে হালকা করবে। এতে শিক্ষার্থীরা নিজ স্বাস্থ্য, চার পাশের পরিবেশ ও দৈনন্দিন অভিজ্ঞতার আলোকেই আনন্দঘন উপায়ে শিখন ফল অর্জনে সক্ষম হবে।
এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, এই বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে- শেখা শুধু মুখস্থ করা বা পরীক্ষার প্রস্তুতির বিষয় নয়; বরং নিজের জীবন, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা, সৃজনশীলতা, পারস্পরিক সম্পর্ক ও দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়েও শেখা সম্ভব।
আমার কারিগরি শিক্ষা : ছোট উদ্যোগ, বড় সম্ভাবনা
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে হাতে-কলমে শেখার অভ্যাস ও সমস্যা সমাধানের মানসিকতা তৈরিতে আটটি অধ্যায়ে প্রণয়ন করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর ‘আমার কারিগরি শিক্ষা’ বই। শিক্ষার্থীকে শুধু ‘আমি কী জানি’ তত্ত্বের মাঝে আটকে না রেখে ‘আমি কী করতে পারি’ সে বিষয়ে স্বাবলম্বী করে তোলাই এর মূল শিক্ষাদর্শন। কারিগরি শিক্ষা পরিচিতি, চার পাশের প্রযুক্তি ও নতুন বিশ্ব, ছোট উদ্যোগ বড় সম্ভাবনা, যারা গড়ে, তারাই বদলায়, সবুজ প্রযুক্তি ও টেকসই জীবনযাপনসহ বাস্তব জীবনের নানা কারিগরি সমস্যা চিহ্নিত করা এবং প্রযুক্তির সহায়ক ব্যবহারের মাধ্যমে মৌলিক সমাধান খোঁজার একটি শক্ত ভিত্তি স্থাপন করবে বইটি। এ ছাড়া নতুন চারটি বইয়ে শব্দকোষের মতো বিশেষ অধ্যায় যুক্ত করা হয়েছে।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর ড. এ কে এম শওকত আলী খান জানান, নতুন এই চারটি পাঠ্যপুস্তক প্রবর্তনের ফলে শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে আনন্দময় পরিবেশে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








